রুখে দাঁড়িয়ে ২ তালেবান জঙ্গির প্রাণ নিল আফগান কিশোরী
বাবা-মাকে হত্যা করা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ‘বীর’ হিসেবে প্রশংসিত হচ্ছেন আফগানিস্তানের একজন কিশোরী।
গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে বলে দেশটির ঘোর প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
তারা জানান, হামলার এক পর্যায়ে ওই কিশোরী তাদের পরিবারের একে-৪৭ রাইফেলটি তুলে নেয়, গুলি করে দুই জঙ্গিকে হত্যা করে ও আরও বেশ কয়েকজনকে আহত করে।
পরে আরও অনেক জঙ্গি গ্রিওয়া গ্রামের ওই বাড়িতে হামলা চালানোর জন্য হাজির হয়, কিন্তু গ্রামবাসী ও সরকারপন্থি মিলিশিয়াদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।
ওই কিশোরীর বাবা সরকার সমর্থক হওয়ায় তালেবান তাদের বাড়িতে হামলা চালিয়েছিল।
ব্যবহৃত একে-৪৭ রাইফেলটি হাতে কিশোরীটির একটি ছবি সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
কর্মকর্তারা জানান, ওই কিশোরী ও তার ছোট ভাইকে অপেক্ষাকৃত নিরাপদ একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হবে বলে ধারণা তাদের।
স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা কিশোরীর প্রশংসা করেছেন।
“সাহসের জন্য তাকে সালাম,” ফেইসবুকে বলেছেন নাজিবা রাহমি নামের একজন ব্যবহারকারী।
ফেইসবুকের আরেক ব্যবহারকারী মোহাম্মদ সালেহ বলেছেন, “মা-বাবার স্থান কেউ পূরণ করতে পারবে না, কিন্তু এ প্রতিশোধ আপনাকে কিছুটা শান্তি দিবে।”
স্থানীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, ঘোর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের অন্যতম অনুন্নত প্রদেশ, এখানে নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বেশি।
