২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা আইন: হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্থগিত করছে যুক্তরাজ্যও

চীনের নতুন নিরাপত্তা আইন চালুর প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়া এবং কানাডার পথে হেঁটে এবার হংকংয়ের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি ‘অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত করছে যুক্তরাজ্যও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 12:39 AM

Updated : 08 Apr 2022, 01:06 AM

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ‘‘যুক্তরাজ্য চীনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখতে চায়। কিন্তু বেইজিং সম্প্রতি হংকংয়ের উপর যে নতুন নিরাপত্তা আইন আরোপ করেছে তা আন্তর্জাতিক নীতির গুরুতর লঙ্ঘন।”

ওদিকে, হংকংয়ের বিষয়ে যুক্তরাজ্য ‘নির্দয়ভাবে হস্তক্ষেপ’ করছে অভিযোগ তুলে চীন বলছে, আন্তর্জাতিক আইন বাস্তবায়নে যে প্রতিশ্রুতি যুক্তরাজ্য দিয়েছে, তাদের উচিত তা রক্ষা করা।

প্রত্যর্পণ চুক্তি বাতিল করলে তার ‘কড়া জবাব’ দেওয়ার প্রতিজ্ঞাও করেছে চীন। চীনের বলয় থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বায়ত্ত্বশাসনের দাবিতে বেশ কয়েক মাস ধরে হংকংয়ে গণতন্ত্রপন্থিরা আন্দোলন করছে।

হংকংয়ের নিয়ন্ত্রণ ছাড়তে মোটেও রাজি নয় বেইজিং। বরং মুঠো আরো শক্ত করতে জুনে মাসের শেষের দিকে এশিয়ার এ বাণ্যিজ্য নগরীর উপর নতুন একটি নিরাপত্তা আইন আরোপ করেছে তারা।

আইনটির সমালোচকরা বলছেন, এ আইন চীন সরকারের সমালোচকসহ বিক্ষোভকারীদের আরও সহজে শাস্তি দেওয়ার পথ সুগম করেছে।

তাছাড়া, এ আইনে হংকংয়ে বিদেশি নাগরিকরাও ইচ্ছাকৃতভাবে ধরপাকড়ের শিকার হতে পারেন। আর হংকংয়ের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে সেখানে হস্তান্তর করা হলে তাকে চীনে পাঠিয়ে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা করছে যুক্তরাজ্য।

ব্রিটিশ পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী রাব বলেছেন, ‘‘নতুন নিরাপত্তা আইনটি প্রয়োগের মাত্রা কতদূর পর্যন্ত যেতে পারে তা এখনও পরিস্কার নয়। আমি শুধু এটুকুই বলতে চাই: যুক্তরাজ্য বিষয়টির উপর নজর রাখছে, গোটা বিশ্বের নজরও সেদিকে আছে।”

নতুন নিরাপত্তা আইন জারির পর হংকংয়ের প্রায় ৩০ লাখ বাসিন্দার যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার পরিকল্পনাও নিশ্চিত করে জানিয়ে রাব বলেছেন, আগামী বছরের শুরুতেই তা কার্যকর হবে।

পুরনো খবর:

নিরাপত্তা আইন: হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্থগিত করল অস্ট্রেলিয়া