৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি
প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউ গিনিতে ৭ মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্পের পর দেশটির উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারির ঘণ্টাখানেক পর তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৫০ মিনিটের দিকে এ ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভয়াবহ এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মোরোবে প্রদেশের ওয়াউ শহরের ১৮ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠ থেকে ৮৫ কিলোমিটার গভীরে।
এরপরই ওয়াউ ও এর আশপাশের ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। ঘণ্টাখানেক পর ‘বিপদ কেটে গেছে’ জানিয়ে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র ওই সতর্কতা প্রত্যাহার করে নেয় তারা।
ইউএসজিএস প্রথম দিকে ভূমিকম্পের মাত্রা ৭.৩ জানালেও পরে ৭ এ নামিয়ে আনে।
তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কথা জানাতে পারেনি পাপুয়া নিউ গিনির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র।
