২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ৬ রাজ্যে রেকর্ড করোনাভাইরাস সংক্রমণ

যুক্তরাষ্ট্রে বেশিরভাগ রাজ্য নতুন করে সচল হওয়ার পথে থাকার মধ্যেই আবার লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। ৬ রাজ্যে সংক্রমণ রেকর্ডসংখ্যক বেড়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jun 2020, 12:13 AM

Updated : 08 Apr 2022, 12:57 AM

অ্যারিজোনা, ফ্লোরিডা, ওকলাহোমা, অরেগন, টেক্সাস, নেভাডায় মঙ্গলবার রেকর্ড সংক্রমণ দেখা গেছে। ফ্লোরিডায় এদিন নতুন কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২,৭৮৩ জনের। টেক্সাসে ২,৬২২ জন এবং অ্যারিজোনায় ২,৩৯২ জন।

ওকলাহোমা, অরেগন এবং নেভাডাতেও একদিনের হিসাবে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার। গত ২৩ মে এ রাজ্যগুলোতে সংক্রমণের যে হার ছিল তার তুলনায় সংক্রমণ অনেক বেড়েছে। হাসপাতালগুলোতেও রেকর্ড সংখ্যক রোগী আসছে।

অ্যারিজোনার একটি মেডিকেল সেন্টারে সোমবার নিবিড় পরিচর্যাকেন্দ্রে কেবল একটি শয্যাই খালি ছিল বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।

যুক্তরাষ্ট্রের আরো অন্তত ১৯ টি রাজ্যে গত দুসপ্তাহ ধরেই বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ।

ব্যবসা-বাণিজ্য নতুন করে চালু হতে শুরু করা, মে মাসের শেষ দিকে মার্কিনিদের মেমোরিয়াল ডে’র ছুটি উদযাপনে যাওয়া এবং বহু রাজ্যেই বর্ণবাদ ও পুলিশী বর্বরতার বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ- এসবকিছুকেই ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসাবে দেখছেন বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা।

অরেগনে একটি চার্চ থেকে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস সংক্রমণ। আক্রান্ত হয়েছে ২শ’র বেশি মানুষ। কর্মকর্তারা এর বিস্তার ঠেকানোর চেষ্টা করছেন।

চার্চটির ফেইসবুক পেজে একটি ভিডিওতে গত ২৪ মে শত শত মানুষকে কাছাকাছি দাঁড়িয়ে গাইতে দেখা গেছে বলে অরেগনের এক পত্রিকার খবরে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে কাজকর্ম আবার শুরুর পরিকল্পনা করা হলেও বড় ধরনের জমায়েতের অনুমতি এখনও নেই।

চার্চটিতে ওই জমায়েতের ভিডিও সামনে আসার পর সেটি ডিলিট করা হয়। এ ব্যাপারে চার্চটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ওদিকে, টেক্সাসে করোনাভাইরাস সংক্রমণ অনেক বেশি বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে গভর্নর গ্রেগ অ্যাবোট বলছেন, ভাইরাস পরীক্ষা বেড়ে যাওয়ার কারণেই রোগী শনাক্ত হচ্ছে বেশি।

তবে রাজ্যটিতে হাসপাতালেও বাড়ছে রোগীর ভিড়। তাদের জন্য এখনো যথেষ্ট শয্যা আছে বলে জানিয়েছেন অ্যাবোট। টেক্সাসের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারাও বলছেন, করোনাভাইরাস বৃদ্ধির হার এখনও নিয়ন্ত্রণে আছে। তবে পরিস্থিতি এরকম নাও থাকতে পারে।

ফ্লোরিডার গভর্নরও রাজ্যটিতে ভাইরাস সংক্রমণ বাড়ার কারণ হিসাবে পরীক্ষা বাড়ায় রোগী বেশি শনাক্ত হচ্ছে বলে জানিয়েছেন। নার্সিং হোম এবং কৃষি এলাকাগুলোতে সংক্রণের ঝুঁকি বেশি বলে জানান তিনি।

ওকলাহোমায় আগামী শনিবারেই নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেনট ডনাল্ড ট্রাম্প। সেখানে ভাইরাস সংক্রমণ কমে এসেছে বলে দু’দিন আগেই জানিয়েছিলেন তিনি।

কিন্তু ওকলাহোমাতেও মঙ্গলবার ২২৮ জনের সংক্রমণ ধরা পড়ে। একদিনের হিসাবে যা ছিল সর্বোচ্চ। রাজ্যটিতে নতুন শনাক্ত আক্রান্তের হার বেড়ে হয়েছে ৮৬ শতাংশ।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২১ লাখের বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১১৬,০০০ জন।