২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়াল ব্রাজিল

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 03:40 PM

Updated : 08 Apr 2022, 12:55 AM

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ব্রাজিলে কোভিড-১৯ আক্রান্ত ৪১ হাজার ৮২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় পর্যন্ত যুক্তরাজ্যে প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৪১ হাজার ৫৬৬।

মৃত্যু সংখ্যায় যুক্তরাজ্যকে টপকানো ব্রাজিলের উপরে এখন কেবল যুক্তরাষ্ট্র।

শনিবার দুপুর পর্যন্ত বিশ্বের দেশগুলোর মধ্যে শনাক্ত আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাস এক লাখ ১৪ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটির আরও ২৫ হাজার ৯৮২ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশটিতে শনাক্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১০ জনে।

আক্রান্ত সংখ্যায় আরও সপ্তাহখানেক আগেই বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে আসা ব্রাজিলে শুক্রবার কোভিড-১৯ রোগে আক্রান্ত ৯০৯ জনের মৃত্যু হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার থেকে ব্রাজিলে প্রতিদিন প্রাণঘাতী ভাইরাসে গড়ে এক হাজার ২০০র বেশি মানুষের মৃত্যুর খবর মিললেও শুক্রবার এ সংখ্যা খানিকটা কমে এসেছে।

বৃহস্পতিবার থেকে ব্রাজিলের সাও পাওলো ও রিও ডি জেনেইরোর শপিং মলগুলো খুলে দেয়া হয়েছে। শুক্রবার বিভিন্ন মলে জনসাধারণের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো ব্রাজিলের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ আরোপের বিরোধী ছিলেন। নতুন করোনাভাইরাসকে ‘সামান্য ফ্লু’ বলে উড়িয়ে দেয়ার পাশাপাশি সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন অঙ্গরাজ্য প্রশাসনের লকডাউনসহ নানান কঠোর বিধিনিষেধ আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছিলেন তিনি।

শুক্রবার প্রকাশিত এক জরিপে ৫২ শতাংশ ব্রাজিলিয়ানকে বিধিনিষেধ শিথিলের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে।

এক্সপি ইনভেস্টিমেন্টোসের এ জরিপে অংশ নেয়া ৬১ শতাংশ বলেছেন, ব্রাজিলে ভাইরাসের সবচেয়ে ভয়াবহ অবস্থা আসতে এখনও বাকি। এরপরও বিধিনিষেধ শিথিলের বিরোধিতা করেছেন মাত্র ৪৪ শতাংশ।

গত মাসে একই প্রতিষ্ঠানের করা জরিপে ৭৬ শতাংশ ব্রাজিলিয়ান সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্বের নির্দেশনাই সবচেয়ে কার্যকর বলে মত ব্যক্ত করেছিলেন। ঝুঁকি না কমা পর্যন্ত কোয়ারেন্টিন ব্যবস্থাপনার পক্ষে ছিলেন ৫৭ শতাংশ।