ট্রাম্প-কিম সম্পর্ক টিকানোর প্রয়োজন দেখছে না উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া নেতা কিম জং-উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম শীর্ষ সম্মেলনের দুই বছর পূর্তিতে এ সম্পর্ক টিকিয়ে রাখা নিয়ে প্রশ্ন তুলেছে।
যুক্তরাষ্ট্র বৈরি নীতিতে অটল থাকলে ট্রাম্প-কিমের সম্পর্ক ধরে রাখার আর তেমন প্রয়োজন উত্তর কোরিয়া দেখছে না বলে শুক্রবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।
২০১৮ সালের জুনে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বড় ধরনের অগ্রগতি হয়েছিল। ট্রাম্প এবং কিমের মধ্যে বেশ কয়েকবার চিঠি চালাচালির মধ্য দিয়ে বন্ধুত্বের বন্ধনও গড়ে ওঠে।
ট্রাম্প এ সম্পর্ককে তার প্রেসিডেন্সির অন্যতম সাফল্য হিসাবে উল্লেখ করে এসেছেন। উত্তর কোরিয়া এবার সে সম্পর্ক থেকেই মুখ ফিরিয়ে নেওয়ার আভাস দিল।
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সন-গাউন বলেছেন, “দুই বছর আগে বিশ্বের মনোযোগ কাড়া যে ঘটনার মধ্য দিয়ে উন্নত সম্পর্কের উচ্চাশা জেগে উঠেছিল, তা এখন হতাশায় পর্যবসিত হয়েছে।”
“এমনকী কোরিয়া উপদ্বীপে শান্তি-সমৃদ্ধির ক্ষীণ আশাটিও ঘোর দুঃস্বপ্নের আঁধারে ডুবে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সিঙ্গাপুরে ট্রাম্প-কিম হাতে হাত মেলানোর যে সূচনা করেছিলেন, তা ধরে রাখার দরকার আছে কি-না। এই ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করে আদতে কোনো অগ্রগতিই হওয়ার নেই।”
“যুক্তরাষ্ট্রের নীতি প্রমাণ করেছে, তারা উত্তর কোরিয়ার জন্য হুমকি হয়ে আছে। তাই পিয়ংইয়ং বরং আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি মোকাবেলায় আরো শক্তিশালী বাহিনীই গড়ে তুলুক”, কেসিএনএ বার্তা সংস্থাকে বলেন সন-গাউন।
বিবিসি জানায়, প্রথম বৈঠকের পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় আর তেমন অগ্রগতি হয়নি। ২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কিমের দ্বিতীয় বৈঠক হলেও তা কোনো চুক্তি ছাড়াই হুট করে শেষ হয়।
উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা তোলার অনুরোধ জানালেও যুক্তরাষ্ট্র তাতে রাজি হয়নি। পিয়ংইয়ংকে আগে পুরোপুরি পারমাণবিক নিরস্ত্রীকরণ করতে হবে বলে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল। এর পরের কয়েকমাসে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
