করোনাভাইরাস: ব্রাজিলে একদিনে প্রায় ১২০০ মৃত্যু
মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে ব্রাজিলে একদিনে রেকর্ড এক হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে, কিন্তু তার মধ্যেই কোভিড-১৯ প্রতিরোধে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত ক্লোরোকুইনজাতীয় ওষুধ ব্যবহারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপর চাপ সৃষ্টি করে চলছেন কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবারের আগে ব্রাজিল নতুন করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছিল গত ১২ মে; সেদিন কোভিড-১৯ দেশটির ৮৮১ জনের প্রাণ কেড়ে নিয়েছিল।
প্রাণঘাতী নতুন এ করোনাভাইরাসে লাতিন আমেরিকার এ দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে বলে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আক্রান্তের সংখ্যা বিবেচনায় সোমবারই দেশটি যুক্তরাজ্যকে টপকে বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় শীর্ষস্থানে উঠে এসেছে।
মঙ্গলবার ব্রাজিলে নতুন করে আরও ১৭ হাজার ৪৮ জন ভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সবমিলিয়ে দেশটিতে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭১ হাজার ৬২৮ জনে।
কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় এর চেয়ে বেশি আক্রান্ত আছে। এ পরিস্থিতিতে দেশটি থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন।
দেশজুড়ে ভাইরাস সংক্রমণের এমন বেহাল দশার মধ্যেও প্রেসিডেন্ট বোলসোনেরো অর্থনীতি পুনরায় সচলে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের উপর বিধিনিষেধ আরোপের বিরোধিতা করে যাচ্ছেন।
প্রাদুর্ভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের এ ‘মতাদর্শিক মিত্র’র ব্যর্থতা নিয়ে ব্রাজিলের বিরোধীদলগুলোর ব্যাপক সমালোচনা আছে।
কট্টর ডানপন্থি এ প্রেসিডেন্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অগ্রাহ্য করায় এক মাসের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকা দুই বিশেষজ্ঞ চিকিৎসক পদত্যাগ করেছেন।
এরপর সেনাবাহিনীর জেনারেল পদে থাকা এদুয়ার্দো পাজুয়েলোকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।
ওয়েবসাইট ব্লগ দো মাগনোকে দেওয়া সাক্ষাৎকারে বোলসোনেরো বলেছেন, পাজুয়েলোই আপাতত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। কোভিড-১৯ এর চিকিৎসায় অ্যান্টি-ম্যালেরিয়াল ওষুধ ক্লোরোকুইন ব্যবহারের আওতা বাড়াতে তিনি ভারপ্রাপ্ত এ স্বাস্থ্যমন্ত্রীকে বুধবার নতুন নির্দেশনা জারি করতে বলেছেন বলে জানিয়েছেন।
পাজুয়েলোই ক্লোরোকুইন বিষয়ক নতুন নির্দেশনায় স্বাক্ষর করবেন বলেও জানিয়েছেন তিনি।
নিজের ৯৩ বছর বয়সী মায়ের জন্য সারাক্ষণই ক্লোরোকুইনের একটি বাক্স নিজের কাছে রাখেন বলেও জানিয়েছেন সেনা কর্মকর্তা থেকে রাজনীতিতে আসা বোলসোনেরো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও নতুন করোনাভাইরাসের চিকিৎসায় অ্যান্টি-ম্যালেরিয়াল ওষুধ হাইড্রক্লোরোকুইন ও ক্লোরোকুইন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের মতোই আশাবাদী । গত দেড় সপ্তাহ ধরে তিনি হাইড্রক্লোরোকুইন সেবন করছেন বলে সোমবার নিশ্চিত করেছেন ট্রাম্প।
