২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে গণতন্ত্রপন্থি বিক্ষোভ, গ্রেপ্তার ২৩০

হংকং আবার বিক্ষোভে ফুঁসে উঠছে। মং কক শহরের শপিংমলে গণতন্ত্রপন্থিরা জড়ো হয়ে বিক্ষোভ করেছে। ২৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2020, 08:44 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

রোববার রাতে বিক্ষোভকারীরা শপিং মলে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তাদেরকে ছত্রভঙ্গ  করতে মোতায়েন করা হয়েছিল শত শত দাঙ্গা পুলিশ।

বিক্ষোভকারীদের হটাতে পুলিশ মরিচের গুঁড়ার স্প্রে ব্যবহার করেছে। চলেছে ব্যাপক ধরপাকড়। ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশকে হাতাহাতি-ধস্তাধস্তি করতে দেখা গেছে। আহত কয়েকজনের রক্তও ঝরছিল।

পুলিশ সাংবাদিকদের সঙ্গেও বিরূপ আচরণ করেছে। বিক্ষোভকে কেন্দ্র করে এই পুলিশী তৎপরতা এবং হট্টগোল হংকংয়ে গতবছরের সহিংসতাবিক্ষুব্ধ উত্তাল বিক্ষোভেরই স্মৃতি ফেরাচ্ছে।

১২ থেকে ৬৫ বছর বয়সীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতে অংশ নেওয়া, পুলিশকে আক্রমণ করা এবং পরিচয়পত্র দেখাতে না পারাসহ নানা অভিযোগে তাদেরকে আটক করা হয়।

হংকংয়ের কয়েকটি শপিংমলে ছোট ছোট বিক্ষোভ হয়েছে। তার মধ্যেই মং ককের শপিং মলে ওই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা গান গেয়ে, স্লোগান দিয়ে, প্রতিবাদী চিহ্ন হাতে নিয়ে বিক্ষোভ করে।

হংকংয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এর বিস্তার ঠেকাতে কড়াকড়ি এবং জমায়েতে নিষেধাজ্ঞার কারণে এ বছর সরকারবিরোধী বিক্ষোভ থিতিয়ে গিয়ে পরিস্থিতি তুলনামূলক শান্ত হয়ে এসেছিল।

কিন্তু গণতন্ত্রপন্থিদের ধরপাকড় এবং চীনের আধিপত্য বিস্তারের নতুন শঙ্কা থেকে সেখানে কয়েকমাসের শান্ত অবস্থার পর আবার বিক্ষোভ দানা বাঁধছে।

বিক্ষোভকারীরা ব্রিটিশদের কাছ থেকে চীনের হাতে হংকংয়ের হস্তান্তরের বর্ষপূর্তির দিন ১ জুলাইয়ে ২০ লাখ মানুষের বিক্ষোভমিছিল বের করার দাবি তোলায় পরিস্থিতি অশান্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতি বিরাজ করতে পারে আগামী কয়েক মাস।

গতবছর চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণের সুযোগ রেখে প্রস্তাবিত একটি বিল নিয়ে হংকং প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। আন্দোলনকারীদের শান্ত করতে নেতা ক্যারি লাম প্রথমে বিলটি ‘মৃত এবং পরে বাতিল ঘোষণার পরও আন্দোলনকারীরা আরো কয়েক দফা দাবিতে সোচ্চার হয়।

পুরনো খবর:

হংকংয়ে জমায়েতে নিষেধাজ্ঞার মধ্যে গণতন্ত্রপন্থি বিক্ষোভ