২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে জমায়েতে নিষেধাজ্ঞার মধ্যে গণতন্ত্রপন্থি বিক্ষোভ

হংকংয়ে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ৪ জনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞার মধ্যেও ৩শ’ মানুষ একটি শপিং মলে গান গেয়ে গণতন্ত্রপন্থি বিক্ষোভ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Apr 2020, 11:46 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

রোববার এ বিক্ষোভে যোগ দিয়েছে বিশেষত তরুণরা। হংকংয়ের স্বাধীনতা এবং বিপ্লবের স্লোগান দিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় আটক গণতন্ত্রপন্থি কর্মীদের মুক্তিরও দাবি তোলে বিক্ষোভকারীরা। পরে পুলিশ তাদের হটিয়ে দিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হংকংয়ে গত মার্চে সরকার গণজমায়েত নিষিদ্ধ করার পর সেখানে এটিই প্রথম বড় ধরনের বিক্ষোভ।

বিশ্বে অন্যান্য দেশে যত দ্রুত করোনাভাইরাস সংক্রমণ অনেক বেশি ছড়িয়ে পড়তে দেখা গেছে, হংকংয়ে তেমনটি দেখা যায়নি। মার্চের শুরুর দিকের পর গত ৫ এপ্রিলেও নতুন কোভিড-১৯ আক্রান্ত রোগী দেখা যায়নি দেশটিতে।

এ পরিস্থিতিতে হংকংয়ে সামাজিক দূরত্বের নিয়ম শিথিল হতে শুরু করেছে। যদিও অধিবাসীদের এখনো স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর।

কিন্তু এর মাঝেই আবার বিক্ষোভে নামতে শুরু করেছে মানুষ। হংকংয়ে চীনের আধিপত্য বিস্তারের শঙ্কা থেকেই সেখানে কয়েকমাসের শান্ত অবস্থার পর আবার সরকারবিরোধী বিক্ষোভ দানা বেঁধে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে।

চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণের সুযোগ রেখে প্রস্তাবিত একটি বিল নিয়ে হংকং প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। আন্দোলনকারীদের শান্ত করতে নেতা ক্যারি লাম প্রথমে বিলটি ‘মৃত এবং পরে বাতিল ঘোষণার পরও আন্দোলনকারীরা আরো কয়েক দফা দাবিতে সোচ্চার হয়।