লকডাউন: বহু দূরের বাড়ির পথে সাইকেলে রওনা, পথে গাড়িচাপায় মৃত্যু
সাইকেলে চেপে এক হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে বাড়ি ফেরার চেষ্টা করা এক পরিযায়ী শ্রমিক লখনৌতে গাড়িচাপায় মারা গেছেন।
নিহত সগির আনসারির বাড়ি বিহারের ইস্ট চাম্পারানে। তিনি ও তার ৭ বন্ধু ৫ মে দিল্লি থেকে সাইকেলে করে বাড়ির পথে রওনা হয়েছিলেন।
শনিবার সকালের নাস্তা করতে লখনৌর একটি সড়কের ডিভাইডারে বসে থাকার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ২৬ বছর বয়সী এ যুবকের মৃত্যু হয় বলে এনডিটিভি জানিয়েছে।
বন্ধুরা জানান, লকডাউনের কারণে দিল্লিতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা সাইকেলে চেপে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। ৫ দিনে পাড়ি দেন অর্ধেক পথ, পৌঁছান লখনৌতে।
দিল্লি থেকে ইস্ট চাম্পারানের দূরত্ব এক হাজার কিলোমিটারের সামান্য বেশি।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সড়কের ডিভাইডারে বসে ৮ বন্ধু মুড়ি খাচ্ছিলেন। তখনই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ও পরে সগিরকে আঘাত করে।
কংক্রিটের ডিভাইডারে থাকা একটি গাছ সগিরের বন্ধুদের রক্ষা করে।
ঘটনার পরপরই লখনৌর নাম্বারপ্লেট লাগানো গাড়িটির চালক নেমে এসে শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে টাকা দিতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন এ পরিযায়ী শ্রমিকরা। চালক পরে এ অভিযোগ অস্বীকার করেছেন।
গুরুতর আহত সগিরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিন সন্তানের এ জনকের মৃত্যু হয়। স্থানীয় একটি এনজিও ও রাজনৈতিক কর্মীরা চাঁদা তুলে অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ বাড়ি পাঠান।
দুর্ঘটনায় জড়িত গাড়িটির চালককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। তার বিরুদ্ধে ‘অবহেলাজনিত মৃত্যু সংঘটনের’ অভিযোগ আনা হয়েছে।
