২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৮শ’ কোটি ডলারের প্রতিশ্রুতি বিশ্ব নেতাদের

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব নেতারা ৮০০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 May 2020, 11:19 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

করোনাভাইরাসের টিকা গবেষণা ও অনান্য সরঞ্জাম তৈরির জন্য অর্থ সংগ্রহের চেষ্টায় সোমবার আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে ভন একথা জানান।

তিনি বলেন, “মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে আমরা কোভিড-১৯ মোকাবেলায় টিকা, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি এবং চিকিৎসার জন্য সামগ্রিকভাবে ৭৪০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি পেয়েছি।”

করোনাভাইরাসের লড়াইয়ে অর্থসংগ্রহের এ প্রচেষ্টায় খোলা চিঠি দিয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় দেশগুলোর নেতারা।

ইউরোপীয় কমিশন করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণার জন্য ১শ’ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। নরওয়েও ঠিক একই পরিমাণ ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।

ওদিকে, ফ্রান্স, সৌদি আরব এবং জার্মানি প্রত্যেকে দিয়েছে ৫০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি। যুক্তরাজ্য দিচ্ছে ৩৮ দশমিক ৮ কোটি পাউন্ড।

সম্মেলনটির আয়োজকদের মধ্যে আছে ইউরোপীয় ইউনিয়ন এবং এর বাইরের দেশগুলোও। ব্রিটেন, নরওয়ে, জাপান, কানাডা এবং সৌদি আরব। ইউরোপীয় কমিশনসহ ফ্রান্স, জার্মানি, ইতালিও সম্মেলনে অংশ নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া সম্মেলনে অংশ নিচ্ছে না।

সম্মেলনের উদ্বেধনী অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, “বৈশ্বিক এ প্রচেষ্টায় প্রত্যেকেরই অর্থ সহায়তা করে অবদান রাখা উচিত। “

“অংশীদাররা অনেক, কিন্তু লক্ষ্য এক: ভাইরাসকে পরাস্ত করা”, বলেন তিনি।

ওদিকে, সম্মেলনের কো-হোস্ট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টায় সব দেশকে এক হয়ে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।