‘হুমকি’ দিয়ে চিঠি, সরে দাঁড়াতে হল ব্রিটিশ মন্ত্রীকে
এক কোম্পানির চেয়ারম্যানকে ‘ভয়ভীতি’ দেখিয়ে এমপি হিসাবে আচরণবিধি ভঙ্গের ঘটনা সামনে আসার পর পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী কোনর বার্নস। প্রধানমন্ত্রী বরিস জনসনের ঘনিষ্ঠ সহযোগীও তিনি।
ঋণ পরিশোধ নিয়ে ওই কোম্পানির সঙ্গে বার্নসের বাবার বিরোধ চলছিল। সে ঘটনায়ই বার্নস পারিবারিক স্বার্থে এমপি হিসাবে তার প্রভাব খাটিয়ে কোম্পানিটির চেয়ারম্যানকে লেখা চিঠিতে ‘প্রচ্ছন্ন হুমকি’ দেন।
হাউজ অব কমন্সের নোটপেপারে ফেব্রুয়ারিতে ওই চিঠি লেখেন বার্নস। এতে তিনি পার্লামেন্ট সদস্য হিসাবে পাওয়া সুবিধা কাজে লাগিয়ে বিরোধের বিষয়টি কমন্সে তোলার ইঙ্গিত দিয়েছিলেন।
এমপি’দের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তকারী কমিটি ‘পার্লামেন্টারি কমিশনার ফর স্ট্যান্ডার্ডস’ বিষয়টি তদন্তের পর ৭ দিনের জন্য বার্নসকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করার সুপারিশ করে।
ডাউনিং স্ট্রিটও যথাসময়ে তার জায়গায় নতুন নিয়োগের ঘোষণা দেওয়া হবে বলে জানায়। এ পরিস্থিতিতেই বার্নস তার পদত্যাগের সিদ্ধান্ত জানালেন।
কমন্স স্ট্যান্ডার্ডস কমিটি তদন্ত প্রতিবেদনে বলেছে, বার্নস ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছেন এবং এমপি হিসাবে তার ক্ষমতার অপব্যবহার করেছেন। বিরোধটি ছিল একান্তই বার্নসের পারিবারিক বিষয়। পার্লামেন্টের সদস্য হিসাবে তার দায়িত্বের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।
সোমবার কোনর বার্নস এক টুইটে জানান, অত্যন্ত দুঃখের সঙ্গেই আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাকবেঞ্চে থেকেই প্রধানমন্ত্রী জনসনকে সমর্থন দিয়ে যাবেন বলেও জানান তিনি।
এর আগে মার্চে বার্নস কমিটির কাছে ক্ষমাও চেয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। তার ওভাবে চিঠি লেখা উচিত হয়নি বলে স্বীকার করেছেন তিনি। তবে বার্নস বলেন, দীর্ঘদিনের বিরোধে বাবার স্বাস্থ্য ভেঙে পড়তে দেখে তিনি বিষয়টি নিষ্পত্তি করতে চেয়েই ওই কাজ করেছিলেন।
তবে কমন্স স্ট্যান্ডার্ডস কমিটির প্রতিবেদনে অভিযোগ করে বলা হয়েছে, ওই ঘটনায় বার্নস ক্ষুব্ধ থাকায় তার বিচারবুদ্ধি লোপ পেয়েছিল।
