কিমের দেখা নেই, উত্তর কোরিয়া দুর্ভিক্ষের ঝুঁকিতে: পম্পেও
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দেখা পায়নি যুক্তরাষ্ট্র। তার স্বাস্থ্যসংক্রান্ত সব প্রতিবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
একইসঙ্গে উত্তর কোরিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশটিতে প্রকৃতই দুর্ভিক্ষের ঝুঁকি আছে।
গত ১১ এপ্রিলে এক বৈঠকে কিম জং উনকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে তার ছবি দেখা যায়নি বা ভাষণ প্রকাশিত হয়নি। তিনি কোথায় আছেন এবং তার শরীর-স্বাস্থ্য কেমন আছে তা নিয়েও পিয়ংইয়ংয়ের কোনো সংবাদমাধ্যম কিছু জানায়নি।
এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিম ও তার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। তার অনুপস্থিতিতে উত্তর কোরিয়ায় অস্থিতিশীলতা দেখা দেওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। উত্তর কোরিয়া পরিস্থিতি অস্থিশীল হলে উত্তর এশিয়ার অন্য দেশগুলোসহ যুক্তরাষ্ট্রেও এর প্রভাব পড়া নিয়ে শঙ্কা বাড়ছে।
কিমের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া পরস্পরবিরোধী খবরের বিষয়ে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওকে প্রশ্ন করা হলে তিনি ফক্স নিউজকে বলেন, “আমরা তাকে দেখিনি। আজ আমাদের কাছে রিপোর্ট করার মতো কোনো তথ্যও নেই। আমরা বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখছি।”
তাছাড়া, করোনাভাইরাসের কারণে যে ঝুঁকি সৃষ্টি হয়েছে তাতে চীনের সঙ্গে সীমান্ত থাকা উত্তর কোরিয়া পরিস্থিতিও যুক্তরাষ্ট্র আরো বৃহৎ পরিসরে নজরে রেখেছে বলে জানিয়েছেন পম্পেও।
তিনি বলেন, “সত্যিকারের ঝুঁকি হচ্ছে, উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষ, খাবার সংকটও হতে পারে। এই প্রতিটি বিষয়ই আমরা নিবিড়ভাবে লক্ষ্য রাখছি। কারণ, উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণের যে মিশন আমরা নিয়েছি তাতে এ সবকিছুরই প্রত্যক্ষ প্রভাব আছে।”
দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, কিম জং উন উত্তর কোরিয়ার রিসর্ট শহর উনসানে থাকতে পারেন। সম্ভবত করোনাভাইরাস সংক্রমণ এড়াতে তিনি আড়ালে থাকছেন। কিম গুরুতর অসুস্থ বলে যেসব খবর পাওয়া গেছে সেগুলোর সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, “উত্তর কোরিয়ায় তাদের নেতাকে নিয়ে যাই ঘটুক বা যা কিছুই শোনা যাক না কেন দেশটিকে নিরস্ত্রীকরণ করার আমাদের মিশন একই থাকবে।”
উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষ দেখা দেওয়ার ঝুঁকি সম্পর্কে পম্পেও বিস্তারিত কিছু বলেননি। তবে করোনাভাইরাস সঙ্কটের কারণে দেশটিতে খাদ্য সরবরাহ এবং ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দরিদ্র এবং বিচ্ছিন্ন রাষ্ট্র উত্তর কোরিয়ায় প্রায়ই খাদ্য সংকট দেখা দেয়। ১৯৯০ এর দশকে দেশটিতে বড় ধরনের দুর্ভিক্ষ হয়।এতে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছিল।
