২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপার্টমেন্টে ভবনে আগুন, হাসপাতালে জাস্টিন ট্রুডোর মা

অ্যাপার্টমেন্টে ভবনে আগুন লাগার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মা মার্গারেট ট্রুডোকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 03:03 PM

Updated : 08 Apr 2022, 12:42 AM

মার্গারেট কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর স্ত্রী। তিনি মন্ট্রিয়লের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন।

আগুন লাগার পর সোমবার রাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মার্গারেটকে ধোঁয়াজনিত শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেডিও কানাডা।

মঙ্গলবার সকালে এক টুইটে ট্রুডো তার মা ভালো আছেন বলে জানিয়েছেন।

“মা’র সঙ্গে কথা হয়েছে। তিনি ভালো আছেন। যারা শুভকামনা জানিয়েছেন তাদের ধন্যবাদ। যারা আগুন নেভাতে দ্রুত ছুটে গিয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাবনায় আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোও আছে,” বলেছেন তিনি।

স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অটোয়ার বাসভবনে স্বেচ্ছা আইসোলশেনে থেকে কাজ চালিয়ে যাওয়া ট্রুডো মা’কে দেখতে মন্ট্রিয়লে যাবার পরিকল্পনা করছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

রেডিও কানাডা জানায়, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে মন্ট্রিয়লের উপকণ্ঠে ওই অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চম তলার বাইরের টেরেস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। আগুন নেভাতে ৭০ জনেরও বেশি দমকলকর্মী ছুটে যান।

স্থানীয় গণমাধ্যমের পোস্ট করা বিভিন্ন ছবিতে মার্গারেটের অ্যাপার্টমেন্ট ভবন সংশ্লিষ্ট সড়কে বেশ কয়েকটি ফায়ার ট্রাক এবং দমকল বাহিনীকে বড় মই ও হোস পাইপের মাধ্যমে পানি ছিটানোর প্রস্তুতি নিতে দেখা গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে তিনটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে; তাদেরকে রেডক্রস সব ধরনের সহযোগিতা দিচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।