২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: যুক্তরাজ্যে বৃদ্ধনিবাসে মৃত্যু বাড়ছে

যুক্তরাজ্যে হাসপাতালগুলোতে করোনাভাইরাসে মানুষের মৃত্যু কমলেও বৃদ্ধনিবাসগুলোতে বাড়ছে মৃতের সংখ্যা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 10:17 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

ইংল্যান্ড এবং ওয়েলসের কেয়ার হোমগুলোতে দুই সপ্তাহেই কোভিড-১৯ আক্রান্ত ৪ হাজার ৩শ’র বেশি মানুষ মারা গেছে।

‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা জানায়, বৃদ্ধাশ্রম পরিচালনা কর্তৃপক্ষের সংগ্রীহিত তথ্য মঙ্গলবার প্রথম প্রকাশ করেছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয় ‘ওএনএস’।

এতেই দেখা গেছে, ১০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত কেয়ার হোমগুলোতে করোনাভাইরাসে ৪ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে ১০ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা ছিল ১,০৪৩। এরপর দু’সপ্তাহেই মৃত্যু চার হাজার পেরিয়েছে।

ফলে দেখা যাচ্ছে, বৃদ্ধনিবাসগুলোতে অল্প কয়েকদিনেই মানুষের মৃত্যু উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসে করোনাভাইরাসে এক-তৃতীয়াংশ মানুষই এখন মরছে এই পরিচর্যা কেন্দ্রগুলোতে। যদিও মৃতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, বলছে ওএনএস।

নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডেও এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত বৃদ্ধনিবাসগুলোতে করোনাভাইরাসে মৃত্যু বেশি দেখা গেছে। মারা গেছে আরো ৬৩০ জন। এ দু’জায়গায় যত মানুষ মরেছে তার প্রায় অর্ধেকই কেয়ার হোমের বাসিন্দা।

সেই তুলনায় যুক্তরাজ্যে হাসপাতালগুলোতে মৃত্যু ৮ এপ্রিলের পর থেকে কমতে শুরু করেছে। হাসপাতালগুলোতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর তথ্য গত ২৬ এপ্রিলেই জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এখন বৃদ্ধনিবাসগুলোতে মৃতের সংখ্যা বাড়তে থাকায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ওই কেন্দ্রগুলোর বাসিন্দা এবং কর্মচারীদের জন্য যতটুকু সাহায্য-সহযোগিতা করা সম্ভব তা করতে চান বলে জানিয়েছেন তার মুখপাত্র।

পুরনো খবর:

করোনাভাইরাস: যুক্তরাজ্যে হাসপাতালে মৃত্যু ২০ হাজার ছাড়াল
ইউরোপে করোনাভাইরাসে অর্ধেক মৃত্যুই বৃদ্ধনিবাসে: ডব্লিউএইচও