কোভিড-১৯: নতুন লক্ষণ শনাক্ত সিডিসির
অত্যন্ত সংক্রামক নতুন করোনাভাইরাসের জানা লক্ষণগুলোর তালিকায় নতুন শনাক্ত করা কিছু লক্ষণ যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের সেন্টারর্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)।
কোভিড-১৯ এর এসব নতুন লক্ষণগুলো সিডিসি তাদের ওয়েবসাইটে যুক্ত করেছে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ওয়েবসাইটে সিডিসি বলেছে, “কোভিড-১৯ আক্রান্তরা মৃদু লক্ষণ থেকে গুরুতর অসুস্থতার বিভিন্ন লক্ষণের কথা জানিয়েছে। ভাইরাসের সংস্পর্শে আসার ২ থেকে ১৪ দিনের মধ্যে এসব লক্ষণ প্রকাশ পেতে পারে।”
তারা নতুন যেসব লক্ষণের কথা জানিয়েছে সেগুলো হল, শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া, শরীর ঠাণ্ডা হওয়ার সঙ্গে বারবার কাঁপুনি, পেশিতে ব্যথা, মাথা ব্যথা এবং হঠাৎ করে স্বাদ বা গন্ধ না পাওয়া।
এসব লক্ষণের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনাভাইরাস সংক্রান্ত প্রশ্ন-উত্তর ওয়েবপেইজে নেই বলে জানিয়েছে এনডিটিভি।
ডব্লিউএইচও এর ওয়েবপেইজে কোভিড-১৯ এর উল্লেখ করা লক্ষণগুলো হল, জ্বর, শুকনো কাশি, ক্লান্তি, টানা অস্বস্তিকর বেদনা ও ব্যাথা, সর্দি, গলা ব্যাথা এবং ডায়রিয়া।
সিডিসি ও ডব্লিউএইচও, দুটি ওয়েবসাইটেই উল্লেখ করা লক্ষণগুলো হল জ্বর, কাশি ও শ্বাসকষ্ট।
সিডিসি তাদের উল্লেখ করা লক্ষণগুলোই সব নয় জানিয়ে তীব্র ও উদ্বিগ্ন হওয়ার মতো অন্যান্য লক্ষণ দেখা গেলে জরুরিভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিতে বলেছে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে নতুন করোনাভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে মহামারীর আকার নিয়েছে। ভাইরাসটি বৈশিষ্ট্যগুলো জানতে বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন। নতুন এই ভাইরাসটি এর আগে কখনোই মানুষের শরীরে শনাক্ত হয়নি।
