২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনলাইন সম্মেলনে রাজি’ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য

উচ্চমাত্রার সংক্রামক রোগ কোভিড-১৯ এর মহামারীর মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো অনলাইন শীর্ষ সম্মেলনের বিষয়ে একমত হয়েছে বলে রাশিয়া জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 05:05 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, অন্যান্য স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো পাঁচমুখি অনলাইন শীর্ষ সম্মেলনে রাজি হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনলাইন শীর্ষ সম্মেলেনর প্রস্তাব দিয়েছিলেন বলে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনের বরাতে জানিয়েছে রয়টার্স।  

এই সম্মেলনে বিশ্ব শক্তিগুলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে তারা।

বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া কোভিড-১৯ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য একটি রাষ্ট্র থেকেই বিশ্বব্যাপী ছড়িয়েছে। গত ডিসেম্বরের শেষ দিন বিশ্ববাসী যখন নতুন বছরের অপেক্ষায় সেদিন চীনের একটি সি ফুড মার্কেটে থেকে নতুন একটি করোনাভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করে। এরপর চীনজুড়ে ছড়ানোর পর ভাইরাসটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে মহামারী হয়ে দাঁড়িয়েছে।

নতুন এ করোনাভাইরাসের সংক্রমণে বিশ্ব শক্তিগুলোই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। নিরাপত্তা পরিষদের ৫টি সদস্য রাষ্ট্রই ভাইরাসের কোপের শিকার হয়েছে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অন্যতম বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র বলে পরিচিত যুক্তরাষ্ট্র আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুদিক দিয়েই শীর্ষে আছে।

সোমবার দুপুর নাগাদ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাস সংক্রমণজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬৬ হাজার ছুঁই ছুই করছে আর মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৮৭৭ জনের।

বিশ্বজুড়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা প্রায় ২ লাখ ৭ হাজার জনে দাঁড়িয়েছে আর এই মৃত্যুর এক-চতুর্থাংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে। রোগটির বিস্তার রোধে দেশটিতে জারি করা লকডাউনের কারণে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছে। চলতি মাসেই দেশটিতে বেকারত্বের হার ১৬ শতাংশ বা তারও বেশি হতে পারে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউসের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা। 

যুক্তরাষ্ট্রের পর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ফ্রান্সের। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬২ হাজার ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা ২২ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে।

মহামারী ও লকডাউনের কারণে এ দেশটিতেও বেকারত্ব সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আরেক স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাজ্যের পরিস্থিতিও নাজুক। মহামারী মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের সঙ্কটে ভুগছে দেশটি। এক মাসেরও বেশি সময় ধরে লকডাউনে থাকা দেশটির প্রধানমন্ত্রীও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

এ দেশটিতেও আক্রান্তের সংখ্যা দেড় লাখ পেরিয়ে এখন এক লাখ ৫৫ হাজারের দিকে এগিয়ে যাচ্ছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৯৫ জনে। 

লকডাউন অব্যাহত থাকলে যুক্তরাজ্যের অর্থনীতি ৩০০ বছরের মধ্যে সবচেয়ে গভীর সঙ্কটে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির বাজেট পূর্বাভাস দানকারীরা।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে এশিয়ার একমাত্র প্রতিনিধি চীনে নতুন করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শুরু হলেও দেশটি ইতোমধ্যেই সঙ্কট প্রায় সামাল দিয়ে ফেলেছে। সঙ্কট মোকাবেলায় সফলতা দেখিয়ে অন্যান্য দেশের সামনে উদাহারণ হয়ে দাঁড়িয়েছে তারা।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৯১২ জন হলেও তাদের অধিকাংশই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখানে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৭ জন হলেও দৈনিক নতুন মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনতে পেরেছে দেশটি।

আক্রান্তের দিক থেকে সম্প্রতি চীনকে ছাড়িয়েছে নিরাপত্তা পরিষদের অপর স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ১৪৭ জন হলেও মৃতের সংখ্যা তুলনামূলভাবে অনেক কম, মাত্র ৭৯৪ জন।

রাশিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনও সর্বোচ্চ শিখরে পৌঁছায়নি বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট। ভাইরাসের বিস্তার রোধে রাজধানী মস্কোতে লকডাউন জারি করা হয়েছে।