২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: আক্রান্ত বাড়লেও বিধিনিষেধ ‘কঠোর হচ্ছে না’ মস্কোতে

রাশিয়ার রাজধানী মস্কোতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়লেও শহরটিতে এখনই কঠোর বিধিনিষেধ আরোপের চিন্তাভাবনা নেই বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 06:23 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

শহরটির হাসপাতালগুলো নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে চেষ্টা করলেও অন্তত দেড় সপ্তাহের আগে নতুন করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় শয্যা দ্বিগুণ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন।

সম্প্রচারমাধ্যম রাশিয়া টোয়েন্টিফোরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেছেন বলে সিএনএন জানিয়েছে।

সাক্ষাৎকারে রাজধানীর বাসিন্দাদের সতর্ক করে সোবিয়ানিন বলেন, মস্কো এখনও প্রাদুর্ভাবের ‘অর্ধেক পথও পার হতে পারেনি’ বলে ধারণা তার।

“দূর্ভাগ্যজনকভাবে, আমরা সংক্রমণের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছি কিংবা ইতিবাচক কোনো গতি দেখা যাচ্ছে এমনটা বলতে পারছি না আমি। তার উপর এখনও আমরা অর্ধেক পথও পার হতে পারিনি বলে মনে হচ্ছে।

“এটা ঠিক আমাদের আক্রান্তের সংখ্যায় বড় ধরনের উল্লম্ফন দেখা যাচ্ছে না। ৮-১০-১২% কখনো কখনো ১৫% বাড়তে দেখছি। আর এই সংখ্যা কেবল হাসপাতালগুলোতে পরীক্ষায় যারা আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে, তারাই,” বলেছেন মস্কোর মেয়র।

তবে আক্রান্তের এ ক্রমবর্ধমান হার সত্ত্বেও রাশিয়ার রাজধানীতে এখনই কঠোর বিধিনিষেধ আরোপের চিন্তাভাবনা নেই, বলেছেন তিনি।

সংক্রমণ নিয়ন্ত্রণ ও বাসিন্দারা কোথায় কোথায় যাচ্ছেন তা জানতে গত সপ্তাহ মস্কোর কর্তৃপক্ষ গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে কিউআর কোডভিত্তিক নতুন এক ব্যবস্থাপনা চালু করেছে।

রোববার পর্যন্ত রাশিয়ায় যে ৮০ হাজার ৯৪৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে, তার অর্ধেকেরও বেশি মস্কোর।

শহরটিতে শনাক্ত হওয়া নতুন আক্রান্তদের ৪৫ শতাংশেরই কোনো উপসর্গ নেই বলে জানিয়েছে রাশিয়ার করোনাভাইরাস রেসপন্স সদরদপ্তর।