২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হয়রানি করলে’ ইরানি গানবোটকে গুলি করার নির্দেশ ট্রাম্পের

ইরানি গানবোট যদি মার্কিন কোনো নৌযানকে হয়রানি করে, তাহলে সেসব গানবোটকে গুলি করে ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 03:52 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে বুধবার এক টুইটে জানিয়েছেন তিনি।

সিএনএন জানিয়েছে, পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের ওই টুইটকে ‘বৈধ আদেশ’ হিসেবে অ্যাখ্যা দিলেও প্রেসিডেন্টের নির্দেশনার পর ইরানি নৌযানগুলোর মুখোমুখি হলে মার্কিন সেনাদের আচরণে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা খোলাসা করেননি।

“সমুদ্রে এক বা একাধিক ইরানি গানবোট যদি আমাদের জাহাজকে হয়রানি করে, তাহলে সেগুলোকে গুলি করে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ‍নির্দেশ দিয়েছি আমি,” টুইটারে এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

উত্তর আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজের পাশ দিয়ে যাওয়া ইরানি নৌযানের ‘বিপজ্জনক ও হয়রানিমূলক’ আচরণের একটি ভিডিও কয়েকদিন আগে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

ইরানি পতাকাবাহী ওই নৌযানগুলোর মধ্যে একটি মার্কিন এক যুদ্ধজাহাজের ১০ গজের মধ্যে চলে এসেছিল বলেও দাবি করে তারা।

ভিডিওতে ইরানি নৌযানগুলোর সামনের দিকে বন্দুক হাতে একাধিক মানুষকে দেখা গেছে বলে জানিয়েছে সিএনএন। তবে ওই বন্দুকগুলো মার্কিন যুদ্ধজাহাজের দিকে তাক করা ছিল না; ইরানি নৌযানগুলো কাছাকাছি আসার সময় মার্কিন যুদ্ধজাহাজটিকে বেশ কয়েকবার হর্ন বাজাতেও দেখা গেছে।

এ ঘটনার প্রেক্ষিতেই ট্রাম্প হয়রানি করলে ইরানি গানবোটে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্টের এ নির্দেশনার পর যুক্তরাষ্ট্রের উপ-প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড নরকুয়িস্ট মার্কিন নৌযানগুলোর ‘আত্মরক্ষার অধিকার আছে’ বলে মন্তব্য করেছেন।

“ইরানিদের প্রতি গুরুত্বপূর্ণ এক সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট। তিনি যে বিষয়টির ওপর জোর দিয়েছেন, তা হচ্ছে- আমাদের সব নৌযানেরই আত্মরক্ষার অধিকার আছে। যারা আমাদের মুখোমুখি হতে চায়, তাদেরকে আমাদের আত্মরক্ষার সহজাত অধিকারের বিষয়ে সতর্ক থাকতে হবে,” বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের ভাইস চেয়ারম্যান জেনারেল জন হাইটেন বলেছেন, কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্ট) দিক থেকে যে বৈধ আদেশগুলো এসেছে সামরিক বাহিনী তা সঠিকভাবে প্রয়োগ করবে।

“আমাদের আর কোনো নির্দেশনার প্রয়োজন নেই। আমার মনে হয় প্রেসিডেন্টের বার্তা একেবারেই সুস্পষ্ট এবং আমাদের আর কিছু করার দরকার নেই,” বলেছেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানি কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ইরান কিংবা এর ঘনিষ্ঠবাহিনীগুলো ইরাকে মার্কিন বাহিনী বা এর সম্পদের ওপর আক্রমণ করতে পারে, যুক্তরাষ্ট্র প্রশাসন এ সংক্রান্ত তথ্য পেয়েছে বলে চলতি মাসে ট্রাম্প দাবি করেছিলেন।    

“এ ধরনের কিছু হলে ইরানকে চড়া মূল্য দিতে হবে,” হুঁশিয়ার করেছিলেন তিনি।

রোববার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী উত্তর আরব সাগরে ‘একটি ঘটনা ঘটেছিল’ বলে স্বীকার করলেও মার্কিন যুদ্ধজাহাজকে হয়রানি করার পেন্টাগনের ভাষ্যকে ‘ভুয়া হলিউডি গালগল্প’ হিসেবে অভিহিত করেছে।

চলতি সপ্তাহে ইরান মহাশূন্যে প্রথমবারের মতো একটি সামরিক উপগ্রহও পাঠিয়েছে। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী তাদের উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে বলে দাবি করলেও এর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে সিএনএন।