শ্রীলঙ্কায় মসজিদে তারাবি, ইফতার আয়োজনে বারণ
করোনাভাইরাস মহামারীর মধ্যে শ্রীলঙ্কায় আসন্ন রমজানে সারা দেশের সব মসজিদে ইমাম ও মুয়াজ্জিন ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির ওয়াকফ বোর্ড মঙ্গলবার এই নির্দেশনা দেয়। পু্রো রমজান মাস এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কঠোরভাবে মেনে চলতে চলতে বলা হয়েছে।
ওয়াকফ বোর্ডের পরিচালক এ বি এম আশরাফ স্বাক্ষরিত ওই নির্দেশনায় আরও বলা হয়েছে,
মসজিদে জুমা, তারাবিসহ কোনো ধরনের জামাতে নামাজ আদায় করা যাবে না।
ইফতার মাহফিলের মতো কোনো জনসমাগম করা যাবে না।
মসজিদে বা এর প্রাঙ্গণে কোনো ধরনের খাবার বিতরণ করা যাবে না।
কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য ও সুরক্ষা কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া নতুন করোনাভাইরাসে ২৫ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে দেড় লাখের বেশি মানুষের।
শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ৩২১ জন নতুন এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে সাত জনের।
