সামাজিক দূরত্বের দিনে ধর্মীয় পরবও ইন্টারনেটে
একসঙ্গে সমবেত হয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ এবং খানাপিনার মধ্য দিয়ে উদযাপন যে কোনো ধর্মীয় উৎসবের সাধারণ রীতি।
কিন্তু করোনাভাইরাসের মহামারীর দিনে যখন সামাজিক ও শারীরিক দূরত্বকেই নিজে নিরাপদ থাকার এবং অন্যকে নিরাপদ রাখার সবচেয়ে বড় নিয়ম বলে মানা হচ্ছে, তখন মানুষ কীভাবে সেসব ধর্মীয় আচার পালন করছে?
মাত্র সাড়ে তিন মাসে লাখো মানুষের প্রাণ কেড়ে নেওয়া এ ভাইরাস বিশ্বের অধিকাংশ দেশে স্বাভাবিক জীবনযাত্রাকে পাল্টে দিয়েছে, মানুষকে ঠেলে দিয়েছে ঘরবন্দি, নিঃসঙ্গ জীবনে।
দেশে দেশে লকডাউনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতের পাশাপাশি জনসমাগমের অন্যতম জায়গা ধর্মীয় উপাসনালয়গুলোতেও ঝুলছে বিধিনিষেধের তালা।
অবশ্য আচারনিষ্ঠ অনেক ধার্মিক এ পরিবর্তন মানতে চাইছেন না। নিষেধ না শুনে ধর্মীয় সমাবেশে কতটা ক্ষতি হতে পারে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফ্রান্স ও ভারত তা দেখেছে।
আবার অনেক ধর্মের অনুসারীরা ঝুঁকছেন ইন্টারনেটে, সেখানেই তারা সমবেত হচ্ছেন, চলছে ধর্মসভা।
ঘরবন্দি থাকার এই সময়ে সেমেটিক তিন ধর্মের অনুসারীরা কীভবে সামলে নিচ্ছেন, তা বোঝার চেষ্টা করেছে বিবিসি।
ছবি: রয়টার্স
খ্রিস্টধর্মের বিশ্বাস অনুযায়ী, যিশুকে ক্রুশবিদ্ধ করার তিন দিন পর ভক্তদের দেখা দেন তিনি। সেদিন ছিল রোববার, ইস্টার সানডে খ্রিস্টান ধর্মে বিশ্বাসীদের কাছে বড় এক উৎসবের দিন।
তবে কেবল রোববার নয়, পুরো সপ্তাহেই তদের বেশ কিছু আচার অনুষ্ঠান থাকে। যিশুকে ক্রশবিদ্ধ করার দিনটি ছিল শুক্রবার। ইস্টার সানডের আগের শুক্রবার পালন করা হয় ‘গুড ফ্রাইডে’ হিসেবে। সেদিনও গির্জায় প্রার্থনায় জমায়েত হন যিশুর অনুসারীরা।
কিন্তু এ বছরের শুরু থেকেই সময়টা কঠিন হয় উঠছে বিশ্ববাসীর জন্য। এখন ঘরের বাইরে পা রাখাই বারণ; যাওয়া যাবে না উপাসনালয়েও। তাই গত রোববার ভিন্নভাবেই ইস্টার সানডের পরব পার করতে হয়েছে খ্রিস্টানদের।
ক্যারোল কাটসুশি থাকেন কেনিয়ার নাইরোবিতে। আগের মত গির্জায় গিয়ে প্রার্থনায় যোগ দিয়ে ইস্টার সানডে পালন করে যাবে না জেনেও দমে যাননি তিনি।
সশরীরে উপস্থিত হতে না পারলেও ভিডিও কলে তিনি মিলিত হয়েছেন অন্য সবার সঙ্গে, অংশ নিয়েছেন প্রার্থনায়। গির্জার রুটি মদ মেলেনি তো কি হয়েছে, যার যার বাড়িতে থাকা রুটি আর দ্রাক্ষারস মুখে নিয়েই সেরেছেন ঈশ্বরের মহিমা কীর্তন।
কেনিয়া পুরোপুরি অবরুদ্ধ না হলেও রাতে কারফিউ চলে সেখানে। স্থানীয় প্রশাসন মানুষকে ঘরে থাকার নির্দেশও দিয়েছে।
কেবল ইস্টার সানডেতে নয়, ক্যারোল ও তার এলাকার খ্রিস্টানরা এখন প্রতি সপ্তাহেই নিজেদের বাড়িতে থেকে ইন্টারনেটে মিলিত হচ্ছেন প্রার্থনা সভায়। প্রতি সপ্তাহেই সেখানে সদস্য বাড়ছে।
ক্যারোল বলেন, গির্জার যাজকরা তাদের নির্দিষ্ট বিষয় আর বাণী পাঠিয়ে দেন, তা নিয়ে প্রতি সপ্তাহে তারা ভিডিও কলে আলোচনা করেন, একসঙ্গে প্রার্থনা সারেন।
“অনলাইনে এমন করে প্রার্থনা চালানো একটু কঠিন। তবে আমার মনে হচ্ছে বাসায় বসে থেকেও ঈশ্বরের কাছাকাছি যাওয়ার জন্য এটা একটা দারুণ মাধ্যম; এখন তো বাচ্চারাও বাইবেল পড়ছে আমাদের সাথে।”
ছবি: রয়টার্স
বছরের যে সময়টায় খ্রিস্টানরা ইস্টারের পরবে মিলিত হন, সেই একই সময়ে ইহুদিরা মিলিত হন তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পাসওভারে, হিব্রুতে যাকে বলে পেসাখ।
এটা মিসরের অত্যাচারী ফারাওয়ের হাত থেকে ইহুদি জাতির পরিত্রাণের উৎসব। তাদের বিশ্বাস, ইহুদি ক্রিতদাসরা তাদের নবী মুসার নেতৃত্বে পায়ে হেঁটে লোহিত সাগর পাড়ি দিয়ে মিশর থেকে পৌঁছেছিলেন জেরুজালেমে।
এ উৎসবের একটি বড় অনুসঙ্গ হল পরিবারের সবাইকে নিয়ে পবিত্র গ্রন্থ থেকে পাঠ করতে করতে একসঙ্গে ভোজ, যাকে বলা হয় সেডার মিল।
খ্রিস্টানদের পবিত্রগ্রন্থের ভাষ্য অনুযায়ী, ক্রুশবিদ্ধ হওয়ার আগের দিন যিশু তার শিষ্যদের সঙ্গে শেষবার নৈশভোজে অংশ নিয়েছিলেন। সেই ভোজ দ্য লাস্ট সাপার নামে পরিচিত। তাত্ত্বিকদের অনেকের মতে, যিশুর সেই লাস্ট সাপার আসলে পেসাখের ভোজ ছিল।
ইহুদিরা এই দিনে বন্ধু আর স্বজনদের দাওয়াত করেন, সবাই মিলে দীর্ঘ সময় ধরে খানাপিনা করেন, পাশাপাশি চলে প্রার্থনা আর গানে গানে প্রভুর প্রশস্তি।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার এত লোকের জমায়েত সম্ভব হয়নি। তবে সেডার ভোজের রীতি রক্ষায় কিছুটা পরিত্রাণ দিয়েছে ইন্টারনেট।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বের অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। এই শহরেই থাকেন রাব্বি রিক জ্যাকবস। তিনি উত্তর আমেরিকার ইউনিয়ন ফর রিফর্ম জুদাইজম এর সভাপতি।
অনলাইনে সেডার ভোজে অংশ নিতে কী কী করা উচিৎ, সে বিষয়ে অনুসারীদের বেশ কিছু পরামর্শও দিয়েছিলেন তিনি।
রাব্বি জ্যাকবস বলেন, সেডার ভোজের একটি গুরুত্বপূর্ণ আচরনীয় অংশ হচ্ছে হাত ধোয়া। তবে পরিচ্ছন্নতার চেয়ে এর ধর্মীয় কারণটা হল পবিত্রতা রক্ষা।
“এখন আমরা আমাদের বাচ্চাদের হাত ধোয়ার কথা বলছি; তাদের শেখাচ্ছি নিরাপদ থাকতে হলে হাত ধোয়া খুবই কার্যকর।”
রাব্বি জ্যাকবসের পরামর্শ ছিল, সেডার ভোজে যা যা করা হয়, তার সবকিছুই যেন কোনো না কোনোভাবে অনলাইন সেডারেও অন্তর্ভুক্ত করা হয়।
যেমন সেডার ভোজের সময় সাধারণত অতিথির জন্য দরজা খুলে দেওয়ার দায়িত্ব থাকে পরিবারের কনিষ্ঠতম সদস্যের ওপর। এখন এই বিরূপ সময়ে পরিবারের সব সদস্য যখন এক জায়গায় হতে পারছে না, পরিবারের কনিষ্ঠতম সদস্যটি অন্য কোথাও থাকলে কী হবে?
জ্যাকবসের পরামর্শ ছিল, সেই কনিষ্ঠ সদস্য যেখানেই থাকুন না কেন, মোবাইল বা ট্যাবলেটে তিনি ভিডিও কলে যুক্ত হতে পারেন, সবাইকে দেখিয়ে ঘরের দরজা পর্যন্ত গিয়ে তা খুলে দাঁড়িয়ে রীতি পালন করতে পারেন।
তার ভাষায়, ওই দরজা খোলার বিষয়টি হল নিজেকে উন্মুক্ত করা আর পাপমুক্ত হওয়ার প্রতীকী উপস্থাপনা। সে কারণেই তা পেসাখের পরবে আচরণীয়।
ছবি: রয়টার্স
এপ্রিলের শেষ ভাগে শুরু হবে মুসলামদের সংযমের মাস রমজান। এই মাসেই ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়েছিল।
ইসলাম ধর্মের অনুসারীরা এই মাসে সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। সূর্য ডোবার সময় ইফতার করে রোজা ভাঙেন। পরে দিনের শেষ ওয়াক্তের নামাজের সময় মসজিদে গিয়ে জামাতে দাঁড়িয়ে তারাবি পড়েন।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গণজমায়েত বন্ধ রাখতে মসজিদে জামাতে নামাজ পড়াও নিরুসাহিত করা হচ্ছে বিশ্বের অনেক মুসলিমপ্রধান দেশে।
এবার রোজায় যেহেতু একসঙ্গে ইফতার বা মসজিদে তারাবি পড়ার সুযোগ থাকছে না, তাই বিকল্প কোন পথে একসঙ্গে এইসব ধর্মীয় আচারে অংশ নেওয়া যায়, তাই নিয়ে ভাবছেন যুক্তরাজ্যের মুসলমান তরুণরা।
আগের বছরগুলোতে লন্ডনের ট্রফালগার স্কয়ারে সামিয়ানা খাটিয়ে ইফতারের জমায়েত হত। সব ধর্মের অনুসারীদেরই সেখানে আমন্ত্রণ জানানো হত।
এবার সেই ইফতার মাহফিল হবে ভার্চুয়ালি। রোজার প্রথম দিন যার যার বাসায় বসেই কনফারেন্স কলে যুক্ত হবেন ইফতারে। সে সময় জুমের কনফারেন্স কলে মাগরিবের আজানেরও ব্যবস্থা করার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের ওই মুসলমান তরুণরা।
