করোনাভাইরাসের ধাক্কা, টিকে থাকার লড়াইয়ে উহানের কাঁচাবাজার
করোনাভাইরাস বিপর্যয় আর দীর্ঘ লকডাউনের পর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের কাঁচাবাজার খুললেও ক্রেতার অভাবে চোখে সর্ষেফুল দেখছেন সেখানকার সবজি ও মাছ বিক্রেতারা।
মাস চারেক আগেও চীনের এ শহরের কাঁচাবাজারগুলো ছিল জমজমাট। সুপারশপের তুলনায় টাটকা আর কম খরচে জিনিস পাওয়া যাবে মনে করে অনেকেই এসব বাজারে ছুটতেন।
করোনাভাইরাস সে চিত্র একেবারেই পাল্টে দিয়েছে। কয়েক মাস বিক্রি বন্ধ থাকার পর এখন ক্রেতা তেমন না থাকায় দোকানিদের ভবিষ্যৎ নতুন অনিশ্চয়তায় পড়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বাজারগুলোর উন্নত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে কর্তৃপক্ষ কাড়ি কাড়ি টাকা ঢেলেছে, একের পর এক ব্যবস্থাও নিয়েছে। কিন্তু এরপরও ক্রেতারা যেনো লাপাত্তা।
দোকানিরা বলছেন, লকডাউন উঠলেও প্রাণঘাতী কোভিড-১৯ এর ভয় মানুষের মনে এখনো গেঁথে থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ডিসেম্বরের শেষদিকে চীনের এ উহানেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখেছে বিশ্ব। ধারণা করা হয়, হুবেই প্রদেশের রাজধানীর একটি সামুদ্রিক খাবার কেনাবেচার বাজারের কোনো বন্য প্রাণী থেকেই ভাইরাসটির প্রথম সংক্রমণ শুরু হয়েছিল।
চীন জানুয়ারিতেই বাজারটি বন্ধ করেছে। এরপর উহানের সব কাঁচাবাজারের ওপর বাড়ানো হয় নজরদারি, যদিও এসব বাজারের মাত্র অল্প কয়েকটি দোকানেই বন্য জীবজন্তু কেনাবেচা চলত।
যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা বেশ কিছুদিন ধরেই চীন ও এশিয়ার অন্যান্য স্থানে চালু থাকা এসব বন্য প্রাণী বেচাকেনার দোকান বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। করোনাভাইরাস মোকাবেলায় চীন জানুয়ারি থেকে হুবেইয়ে যে কঠোর অবরোধ আরোপ করেছিল, তাতে বন্যপ্রাণী বিক্রি ও খাওয়ার উপরও ছিল অস্থায়ী নিষেধাজ্ঞা।
তবে উহানের কাঁচাবাজারের দোকানিরা বলছেন ভিন্ন কথা। “এটি (করোনাভাইরাস) মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়, আপনি কোথায় আছেন তার উপর নির্ভর করে হয় না। এমনকী সুপারমার্কেটগুলোতেও মানুষের ভিড় থাকে।”
“এখানে দেখুন মানুষজন ছড়ানো ছিটানো। যদি আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারি, যদি সংক্রমণরোধে নজর দিতে পারি, তাহলেই সব ঠিক থাকা উচিত,” বলেন কাঁচাবাজারে এক সবজি ও মাংস বিক্রেতা।
যদিও সহসাই বিক্রি ভাল হবে আশা করছেন না কেউ। “কোনো ব্যবসা হচ্ছে না, কেউ আসছে না। সব জায়গায় অবরোধ। মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে। সংক্রমণ নিয়ে ভয় পাচ্ছে,” মাছ কাটতে কাটতে এমন কথাই বলেছিলেন ঝ্যাং নামের এক দোকান কর্মচারী।
টাটকা সবজি ও জীবন্ত মাছ বিক্রির কারণে এশিয়ার অনেক দেশেই এ ধরনের কাঁচাবাজার বেশ জনপ্রিয়। সুপারমার্কেটগুলোর তুলনায় এখানে সস্তায় ভালো খাবার পাওয়া যায় বলে অনেকেরই বিশ্বাস। এসব বাজারে জীবন্ত মাছ ক্রেতার সামনেই কেটে প্যাকেট করে দেওয়া হয়।
উহান কর্তৃপক্ষ এরই মধ্যে শহরের ৪২৫টি কৃষিপণ্য বাজারের পরিচ্ছন্নতা ও উন্নত স্বাস্থ্যব্যবস্থাপনা নিশ্চিতে ২ কোটি ৮০ লাখ ডলারের বেশি খরচ করে ফেলেছে; এরপরও ক্রেতাদের দুশ্চিন্তা দূর হয়নি।
“আমাদের আয় নেই, ব্যবসা নেই। যদি এরকমটাই চলে, তাহলে টিকে থাকা খুব কষ্টকর হবে আমাদের জন্য,” বলেছেন সবজি বিক্রেতা জিন।
কোভিড-১৯ এ নতুন আক্রান্তের সংখ্যা নেমে আসায় চীন চলতি সপ্তাহ থেকে উহানের লকডাউন তুলে নেওয়া হলেও বেশ কিছু বিধিনিষেধ এখনও বলবৎ আছে; এ কারণে শহরটির অনেক দোকান এখনও বন্ধ।
শনিবার দেশটিতে নতুন ৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; সবমিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৫২, মৃত্যু হয়েছে তিন হাজার ৩৩৯ জনের।
