করোনাভাইরাস: যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধে রাজি ট্রাম্প-ট্রুডো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে দুই দেশের মধ্যকার সীমান্তে লাগাম টানতে রাজি হয়েছেন।
প্রয়োজনীয় নয় এমন সব ভ্রমণের ক্ষেত্রে সীমান্তটি বন্ধ থাকবে, দুই দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“আমরা, পরষ্পরের সম্মতিতে, কানাডার সঙ্গে আমাদের উত্তরের সীমান্ত বন্ধ করতে যাচ্ছি,” বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে বলেছেন ট্রাম্প।
যাতায়াতের জন্য সীমান্ত বন্ধ হলেও পণ্য পরিবহন ও বাণিজ্যে কোনো ধরনের প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি।
করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র ও কানাডা এর আগে বিভিন্ন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেও দুই দেশের মধ্যকার সীমান্ত খোলা রেখেছিল।
বুধবার কভিড-১৯ এর কারণে ৩০ দিনের জন্য বহিরাগত ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করে সীমান্ত বন্ধ করে দেওয়ার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)।
