করোনাভাইরাস: স্পেনে লাফিয়ে বাড়ছে আক্রান্ত-মৃত্যু
ইতালির পর নভেল করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ স্পেন; একদিনে নতুন আক্রান্তের সংখ্যা দুই হাজার বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৭৮ জনে।
আর এই ভাইরাসে নতুন ১৮২ জনের মৃত্যুতে মঙ্গলবার দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯১ জনে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে নতুন করে ১৩৫ জনের মৃত্যু হয়েছে ইরানে, যাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে মৃতের সংখ্যা হাজারের কাছে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে এক হাজার ১৭৪ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা এ পর্যন্ত একদিনে সর্বাধিক সংখ্যক বলে সিএনএন জানিয়েছে।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাদের দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬৯ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা হয়েছে ৯৮৮ জন।
নভেল করোনাভাইরাসে মঙ্গলবার মালয়েশিয়ায় প্রথম একজনের মৃত্যু হয়েছে। ৬০ বছর বয়সী ওই ব্যক্তি একজন যাজক বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে।
নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় উল্লম্ফন ঘটেছে জার্মানিতেও, রবি থেকে সোমবার ২৪ ঘণ্টায় দেশটিতে এক হাজার ১৭৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২০০ জনে, আর মৃত্যু হয়েছে ১৭ জনের।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এই পরিস্থিতিতে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে যুক্তরাষ্ট্রেও। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৭ জনে। এদের মধ্যে ৭০ জন বিদেশফেরত, চীনের উহান এবং জাপানে নোঙর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে ফিরিয়ে নেওয়া।
বাকি চার হাজার ৪০৭ জন যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ওয়াশিংটন ও নিউ ইয়র্ক, প্রতি রাজ্যেই আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। এরপরে ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত হয়েছে ৪৫০ জন।
শুধু ওয়েস্ট ভার্জিনিয়া বাদে যুক্তরাষ্ট্রের আর সব স্টেটেই নভেল করোনাভাইরাস ছড়িয়েছে। দেশটিতে এই রোগে মৃত্যু হয়েছে ৮৭ জনের।
নভেল করোনাভাইরাস ঠেকাতে মঙ্গলবার ‘অবরুদ্ধ’ দশা শুরু হয়েছে ফ্রান্সে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া বন্ধ হয়েছে। ফরাসি নাগরিকরা ঘর থেকে বের হলে কী কারণে বেরোচ্ছেন তা বিস্তারিত উল্লেখ করা নথি থাকতে হবে। অন্যথায় জরিমানা বা অন্য শাস্তির মুখে পড়তে হবে।
ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে ১৪৮ জনের।
