২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভয় পাবেন না, তৈরি থাকুন’, ভিডিও কনফারেন্সে মোদীর বার্তা

আতঙ্কিত না হয়ে একজোট হয়ে রুখতে হবে করোনাভাইরাসকে। পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। করোনাভাইরাস নিয়ে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ বার্তাই দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2020, 07:26 PM

Updated : 08 Apr 2022, 12:28 AM

তিনি বলেন, “রোগ মোকাবেলায় সবাই প্রস্তুত থাকুন, কিন্তু আতঙ্ক নয়, এই আমাদের মন্ত্র হওয়া উচিত। আমাদের গা ছাড়া মনোভাব পরিহার করতে হবে।তাহলেই আমাদের যৌথ প্রচেষ্টা ফলপ্রসূ হবে।”

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে এক সুতোয় বাঁধার উদ্যোগ নিয়েছিলেন মোদী। তার ডাকে সাড়া দিয়ে রোববার বিকাল পাঁচটায় ভিডিও কনফারেন্সে অংশ নেয় ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মলদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।

এনডিটিভি জানায়, সার্কভুক্ত দেশগুলোতে এ পর্যন্ত ১৫০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। আর সারা বিশ্বে এ প্রাণঘাতী ভাইরাসে মারা গেছে ৫ হাজার মানুষ।

ভিডিও কনেোরেন্সে এই গোটা অঞ্চলের নেতৃত্ব দিয়ে নরেন্দ্র মোদী বলেন, “আমাদের সতর্ক থাকতে হবে। আমরা এক হলে নিশ্চয়ই সুফল পাব।” এ অঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের সবাইকে একসঙ্গে তৈরি থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে।” করোনাভাইরাস রুখতে ভারত সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে তাও জানান তিনি।

মোদী বলেন, ধাপে ধাপে নানা পদক্ষেপ গ্রহণ করাটা করোনাভাইরাস আতঙ্ক দূর করতে ভারতের জন্য সহায়ক হয়েছে। গোটা দেশ জুড়েই করোনাভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার শুরু হয়েছে এবং চিকিৎসার সুযোগ সুবিধা বাড়ানোর কাজও চলছে। প্রতিটি ক্ষেত্রে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্ক্রিনিং, সংক্রমণ খুঁজে বের করা, কোয়ারান্টাইন এবং আইসোলেশন পরিষেবাও।

এ সমস্যাকে হালকাভাবে দেখলে চলবে না, আবার ভয় পেলেও চলবে না উল্লেখ করে মোদী ভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশকে যুগ্ম নীতি নেওয়ার আহ্বান জানান । তার এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে দেশগুলো।