২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংক্রমণ হ্রাস, উহানের অস্থায়ী হাসপাতাল বন্ধ শুরু

চীনের নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পেতে থাকায় প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল উহান শহরের অস্থায়ী হাসপাতালগুলোর কার্যক্রম গুটিয়ে নেওয়া শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2020, 03:17 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হুবেই প্রদেশের রাজধানী শহরটির ১৬টি অস্থায়ী হাসপাতালের মধ্যে অন্তত ১১টি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্টেডিয়াম, স্কুল ও অন্যান্য স্থানে স্থাপিত এসব হাসপাতালে মৃদু লক্ষণে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হতো। 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) রোববার দেশটিতে করোনাভাইরাসে নতুন আক্রান্তের ৪০টি ঘটনা ও ২২টি মৃত্যু রেকর্ড করেছে বলে সিএনএন জানিয়েছে।

Image
উহানের একটি স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী হাসপাতাল। ছবি: রয়টার্স

উহানের একটি স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী হাসপাতাল। ছবি: রয়টার্স

জানুয়ারিতে আক্রান্তের সংখ্যা ঘোষণা শুরু হওয়ার পর থেকে এদিনই আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ছিল।

গত বছরের শেষ দিনে এই উহান শহরে প্রাণঘাতী এ ভাইরাসটির প্রাদুর্ভাব প্রথম শনাক্ত হয়েছিল। তারপর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৮২১ জন ও আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। মৃত ও আক্রান্তদের অধিকাংশই চীনের মূলভূখণ্ডের বাসিন্দা।