২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেটাকে বিদ্রূপে রগরগে ছবির স্টিকার, ক্ষমা চাইল তেল কোম্পানি

সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গকে নিয়ে বিদ্রূপ করার উদ্দেশ্যে যৌন সুড়সুড়ি দিয়ে আকাঁ একটি ছবির নিচে কোম্পানির লগো দিয়ে বানানো স্টিকারের জন্য ক্ষমা চেয়েছে কানাডাভিত্তিক একটি তেল কোম্পানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 04:00 PM

Updated : 08 Apr 2022, 12:25 AM

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই স্টিকারের ছবিতে এক নারীর পেছনভাগের নগ্ন সাদাকালো প্রতিকৃতি এবং দুটো হাতকে ওই নারীর চুলের বেনি টেনে ধরতে দেখা যায়। চুলের বিনুনিটি ১৭ বছর বয়সী গ্রেটার ‘সিগনেচার’ হেয়ার স্টাইলের মতো।

ছবির নিচে ‘গ্রেটা’ শব্দটি এবং এক্স-সাইট এনার্জি সার্ভিসের লগো ছিল।  

ব্যাপক সমালোচনা ও নিন্দার মুখে কানাডার এ তেল ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান সোমবার এক বিবৃতিতে স্টিকারের ওই ছবির জন্য ক্ষমা প্রার্থনা করেছে এবং ‘ভালো কিছু’ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

কানাডার আলবার্টা প্রদেশভিত্তিক এ কোম্পানিটি প্রথম দিকে যৌন সুড়সুড়ি দেওয়া এ স্টিকারের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছিল বলে জানিয়েছে কানাডার গণমাধ্যম।

“যে ব্যথার কারণ হয়েছি আমরা, তার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছি। রগরগে ছবি ও যে কারও বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না,” বিবৃতিতে বলেছে এক্স-সাইট এনার্জি সার্ভিস।

জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের বিভিন্ন দেশের সরকারগুলোর উদাসীনতায় হতাশ হয়ে ২০১৮ সাল থেকে প্রতি শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালন করে বিশ্বজুড়ে লাখ লাখ কিশোর-তরুণ বয়সীকে উদ্দীপনা যুগিয়েছেন সুইডেনের এ কিশোরী আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ।

হার না মানা মনোভাবের জন্য তাকে আগেও নানান ধরনের তীর্যক মন্তব্য ও সমালোচনার শিকার হতে হয়েছে।

“এখন তারা  আরও মরিয়া হয়ে উঠছে। এ থেকে প্রমাণ হচ্ছে আমরা জিতছি,” শনিবার টুইটারে এমনটাই লিখেছেন ১৭ বছর বয়সী এ কিশোরী।

স্টিকারে যে নারীর ছবিটি রয়েছে সেটি আর্জেন্টিনার ট্যাটু শিল্পী জার্মান গ্যাব্রিয়েল কানালার আঁকা বলে শিল্পী দাবি করেছেন; এক্স-সাইট গ্রেটাকে বিদ্রূপের উদ্দেশ্যে নগ্ন নারীদেহের পেছনভাগের ওই ছবিটি চুরি করে ব্যবহার করেছে বলেও অভিযোগ কানালার।

এক্স-সাইট বলেছে, তারা সরবরাহকৃত স্টিকারগুলো তুলে নিচ্ছে এবং ছবিটি যেন আর শেয়ার না করা হয় তার জন্য অনুরোধ জানাচ্ছে। কর্মীদের এ সংক্রান্ত নতুন আচরণবিধি নিয়ে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

গ্রেটাকে নিয়ে তেল ও গ্যাস সরবরাহকারী কোম্পানিটির ওই স্টিকারের ছবিকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছিলেন কানাডার আলবার্টা প্রদেশের মুখ্যমন্ত্রী জেসন কেনি।

গত বছরের সেপ্টেম্বরে মন্ট্রিয়লে এক মিছিলে গ্রেটার সঙ্গে হাঁটা প্রায় ৫ লাখ মানুষের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ছিলেন। জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বনেতাদের আরও দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানাতে ওই মিছিলের আয়োজন করা হয়েছিল। পরের মাসে তেলসমৃদ্ধ আলবার্টায় পরিবেশবাদী হাজার হাজার মানুষের একটি মিছিলেও গ্রেটা ছিলেন।