২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাজমহল দর্শন নিয়ে মিমের জবাব ইভাঙ্কার, পেলেন কুর্নিশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাবার সঙ্গে দু’দিনের ভারত সফরে গিয়েছিলেন ডনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও। ভারতীয়রা মুগ্ধ হয়েছিলেন ইভাঙ্কার রূপ ও ব্যবহারে। তাই তিনি আমেরিকায় ফিরে গেলেও ইভাঙ্কাকে নিয়ে মিমে ছেয়ে গেছে নেটদুনিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 10:33 PM

Updated : 08 Apr 2022, 12:25 AM

কিন্তু তা নিয়ে কোনওরকম বিরক্ত প্রকাশ করেননি ইভাঙ্কা। উল্টে ভারতীয়দের উষ্ণ আতিথেয়তার তারিফ করেছেন তিনি। ইভাঙ্কার এ জবাব মন জয় করেছে স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের।

বিবিসি জানায়, রোববার ভারতের গায়ক ও অভিনেতা দিলজিৎ দোষাঞ্জ একটি টুইট করেন। সেখানে তিনি ইভাঙ্কার তাজমহলের ছবিতে নিজের একটি ছবি সুপার ইম্পোজ করে প্রায় নিজেকে ইভাঙ্কার কোলের ওপর বসিয়ে লেখেন, “আমি আর ইভাঙ্কা। তাকে তাজমহল ঘুরিয়ে দেখালাম। তাজমহল দেখাও বলে পেছনে পড়ে গেল, না নিয়ে গিয়ে কী করি?"

এর উত্তরে ইভাঙ্কাও ঝটপট তাকে ট্যাগ করে লেখেন, “আমাকে তাজমহল ঘুরিয়ে দেখানোর জন্য ধন্যবাদ। এই অভিজ্ঞতা আমি কখনও ভুলব না।”

সপরিবারে ট্রাম্পের ভারত সফর নিয়েও তৈরি হয়েছে নানা মিম। এর সঙ্গেই ইভাঙ্কাকে নিয়েও বানানো হয়েছে মিমগুলো।সেই অসংখ্য মিমের মধ্য থেকেই কয়েকটি বাছাই করে নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ট্রাম্পের রসিক এই কন্যা।

অন্যান্য ছবিও শেয়ার করে তিনি লিখেছেন, “ভারতীয়দের আতিথেয়তায় আমি মুগ্ধ। ভারতে গিয়ে আমি অনেক নতুন বন্ধু পেয়েছি।”