করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মাত্রা বাড়াল ইইউ
বিশ্বে করোনাভাইরাসের বিস্তার এবং মৃত্যু বাড়তে থাকায় এ ভাইরাস সংক্রমণের ঝুঁকি ‘মধ্যম’ থেকে ‘উচ্চ’ পর্যায়ে বৃদ্ধি করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রোগ নিয়ন্ত্রণ সংস্থা।
বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। ১৮ টি ইইউ সদস্যদেশে আক্রান্ত হয়েছে ২ হাজার ১শ’রও বেশি মানুষ। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১৫০।
এ অবনতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (ইসিডিসি) একটি বিবৃতি ইস্যু করে ইউরোপীয়দের জন্য এ ভাইরাস সংক্রমণের ‘উচ্চ’ ঝুঁকি বিরাজ করছে বলে জানিয়েছে।
এর আগে ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েনও ইসিডিসি’র উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি ‘মধ্যম থেকে এখন উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে। ‘অন্য কথায় বলতে গেলে, ইউরোপীয় ইউনিয়নের লোকজনদের মধ্যে করোনাভাইরাস ছড়াচ্ছেই’, বলেন তিনি।
