২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসের দিনে গণবিয়ে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা উড়িয়ে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী গণবিয়েতে যোগ দিয়েছে কয়েক হাজার যুগল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2020, 03:10 PM

Updated : 10 Oct 2022, 06:57 PM

শুক্রবার সিউলের উত্তরপশ্চিমের গ্যাপিঅংয়ের চেয়ং শিম পিস ওয়ার্ল্ড সেন্টারের এ আয়োজনে প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদের মধ্যে অন্তত ছয় হাজার যুগলই প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস শঙ্কা ছায়া ফেলেছিল এদিনের গণবিয়েতেও। সে কারণে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন চার্চের কর্মীরা উপস্থিতদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা ও সার্জিকাল মাস্কসহ নানান উপকরণও রেখেছিলেন। সবার শরীরের তাপমাত্রাও পরীক্ষা করে দেখা হয়েছে।

অবশ্য এরপরও অনুষ্ঠানে অংশ নেওয়া বেশিরভাগ যুগলকে মাস্ক ছাড়াই দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

“স্বামীর কাছে যেন সুন্দর লাগে, এ জন্য আমি মাস্ক পরিনি,” বলেছেন গণবিয়েতে অংশ নেওয়া ২৩ বছর বয়সী কনে নগুসেন মিঅংগুয়েত ওয়ালেহেত।

বেনিনের বাসিন্দা এ নারীর আরেক উদ্দেশ্য ছিল ‘ট্রু মাদার’ খ্যাত হাক জা হান মুনের সঙ্গে সাক্ষাৎ। যে গির্জার অধীনে এ গণবিয়ে, হাক জা হান দক্ষিণ কোরিয়ার সেই ইউনিফিকেশন চার্চের প্রতিষ্ঠাতা সুং মিয়ং মুনের স্ত্রী। শুক্রবারের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

১৯৫৪ সালে দক্ষিণ কোরিয়ার এ চার্চটি প্রতিষ্ঠা করে মুন নিজেকে ও স্ত্রীকে ‘মেসিয়াহ’ ঘোষণা করেছিলেন। ১৯৬১ সাল থেকে ২০০২ সালে মৃত্যুর আগ পর্যন্ত তার অধীনেই এ গণবিয়ে হতো।

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

চলতি বছর মুনের জন্মশতবর্ষ হওয়ায় জনসমাগম বেশি হবে বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

“আশীর্বাদের এ গণবিয়েতে অংশ নিতে পেরে আমি খুশি। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আমি সাবধানতা হিসেবে মাস্ক পরেছি। কিন্তু অনুষ্ঠান মিস করিনি,” বলেছেন ৩৫ বছর বয়সী লি কেঅন-সিওক।

কালো রঙের স্যুটের সঙ্গে মিলিয়ে তার মাস্কও ছিল কালো, স্ত্রীর সাদা রঙের মাস্কও ছিল পোশাকের সঙ্গে মিলিয়ে।