২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ১৭১৭ পণ্যের আমদানি শুল্ক অর্ধেক করছে চীন

করোনাভাইরাস নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১ হাজার ৭১৭ পন্যের শুল্ক অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা জানিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2020, 07:49 PM

Updated : 08 Apr 2022, 12:19 AM

চীনা কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন,যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং বাকিগুলোর শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হবে। এ সিদ্ধান্ত কার্যকর হবে ১৪ ফেব্রুয়ারি থেকে।

যুক্তরাষ্ট্র এবং চীন দুই দেশই বহুদিন বাণিজ্যযুদ্ধের মধ্য দিয়ে গেছে। একে অপরের আমদানি ও রপ্তানি পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্য দিয়ে চলেছে এ বাণিজ্যযুদ্ধ।

গত মাসে দু’দেশ প্রথম ধাপের একটি বাণিজ্যচুক্তিতে পৌঁছার পর বাণিজ্যযুদ্ধে শান্তির আবহ সৃষ্টি হয়।এ চুক্তিতে সাড়া দিয়েই চীন মার্কিন পণ্যে শুল্ক কমানোর ওই ঘোষণা দিল বলে জানিয়েছে বিবিসি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনে মৃত্যু বাড়ার পাশাপাশি অর্থনীতিও সংকটে পড়েছে। দেশজুড়ে কলকারখানাগুলো বন্ধ রয়েছে এবং উৎপাদন খাতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

চীন মার্কিন পণ্যে শুল্ক কমানোর যে ঘোষণা দিয়েছে তাতে যুক্তরাষ্ট্র থেকে আসা ৭ হাজার ৫শ’ কোটি ডলারের পণ্য কম শুল্কে চীনে যাবে। যদিও এখনো ৩ হাজার ৫শ’ কোটি ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর এখনো রয়ে গেছে বাড়তি শুল্ক।

তবে চীন মার্কিন পণ্যগুলোর ওপর শুল্ক কমালে যুক্তরাষ্ট্রও চুক্তির আওতায় চীনের কিছু পণ্যের ওপর থেকে শুল্ক কমাবে।

শুল্ক কমানোর এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্র-চীন বণিজ্যযুদ্ধ অবসানের পথে খুবই গুরুত্বপূর্ণ ধাপ হিসাবেই দেখা হচ্ছে। এক বিবৃতিতে চীনের অর্থমন্ত্রণালয় বলেছে, চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের উন্নতি ত্বরান্বিত করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।