২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোতে জঙ্গি হামলায় ৬২ বেসামরিক নিহত

আফ্রিকার মধ্যাঞ্চলীয় শহর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের সিরিজ হামলায় অন্তত ৬২ বেসামরিক নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 09:31 PM

Updated : 08 Apr 2022, 12:17 AM

গত কয়েকদিনে এসব হামলা চালানো হয়েছে বলে শনিবার দেশটির সরকার জানিয়েছে।

কঙ্গোর বেনি অঞ্চলে প্রতিবেশী উগান্ডার অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এর জঙ্গিদের তৎপরতা আছে। কঙ্গোর সেনাবাহিনী বেনিতে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে। জানুয়ারির প্রথমদিকে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকায় অভিযান সফল হয়েছে বলে দাবি করেছিল কঙ্গোর সরকার।

কিন্তু ওই মাসের শেষ দিকে চালানো এসব হামলায় সরকারের দাবি ম্লান হয়ে গেছে।

সরকার এডিএফের হামলায় ৬২ জন নিহত হওয়ার কথা বললেও মানবাধিকার গোষ্ঠী সিইপিএডিএইচও জঙ্গি গোষ্ঠীটির হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে। হামলায় এডিএফের যোদ্ধারা আগ্নেয়াস্ত্র ও ছুরি ব্যবহার করেছে বলে জানিয়েছে তারা।

৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে এডিএফের যোদ্ধারা প্রায় ১০টি গ্রামে হামলা চালিয়েছে বলে মানবাধিকার গোষ্ঠীটি জানিয়েছে। 

কঙ্গোর খনিসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকার গভীর বনাঞ্চলে এডিএফসহ ডজনেরও বেশি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে। এই অঞ্চলের অস্থিরতা পর্যবেক্ষণকারী গোষ্ঠী কিভু সিকিউরিটি ট্র্যাকার জানিয়েছে, ৩০ অক্টোবর কঙ্গোর সেনাবাহিনী বেনি অঞ্চলে অভিযান শুরু করার পর থেকে এডিএফের সর্বশেষ হামলাসহ বিভিন্ন হামলায় অন্তত ৩১২ জন বেসামরিক নিহত হয়েছে। 

কঙ্গোর সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একের পর এক আক্রমণ সত্ত্বেও ১৯৯০ এর দশকে উগান্ডা থেকে কঙ্গোয় আসা এডিএফ নিজেদের অস্তিত্ব রক্ষা করে চলেছে। সরকারি বাহিনী ও শান্তিরক্ষী বাহিনীর আক্রমণের শিকার হওয়ার পরই তারা বেসামরিকদের ওপর হামলা চালিয়ে ওইসব আক্রমণের প্রতিশোধ নেয়।