অবশেষে ব্রেক্সিট
২০১৬ সালে ব্রেক্সিট প্রশ্নে গণভোটের পর থেকে সাড়ে তিন বছরে তিনজন প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টে লাগাতার ভোট, যার শেষ নেই বলেই মনে হচ্ছিল, সে পথ পেরিয়ে আজ শেষ পর্যন্ত প্রথম দেশ হিসাবে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাচ্ছে যুক্তরাজ্য।
শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ছোঁয়ামাত্রই ঘটে যাবে ঐতিহাসিক ‘ব্রেক্সিট’। অবসান ঘটবে দীর্ঘ ৪৭ বছরের সম্পর্কের। যুক্তরাজ্য পদার্পণ করবে এক নতুন যুগের ঊষালগ্নে। যে যুগে এক রূপান্তর প্রক্রিয়া বা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে দেশটিকে। সামনে থাকবে অনিশ্চিত ভবিষ্যত।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য এরই মধ্যে ‘নতুন ভোর’ এর প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রেক্সিট তার কথায়, ‘সত্যিকারের জাতীয় পুনর্জাগরণ ও পরিবর্তনেরই মুহুর্ত’।
আদতে কি ঘটতে চলেছে এ মুহূর্তে?
যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ছে। প্রধানমন্ত্রী বরিস জনসন এখন এক ভিডিওয় ইতিবাচক বার্তা দিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। নতুন যুগে দেশকে ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকার করবেন তিনি।
ধ্বনিত হবে আনন্দ-বিষাদের সুর। ব্রেক্সিটপন্থিরা আনন্দ-উচ্ছ্বাসে ভাসবে। নেচে-গেয়ে বিচ্ছেদের ঐতিহাসিক ক্ষণ উদ্যাপন করবে তারা। অন্যদিকে, ব্রেক্সিটের বিপক্ষে যারা ছিল তারা যুক্তরাজ্য জুড়ে প্রতিবাদে নামবে। মিছিলে-স্লোগানে তাদের অবস্থান জানান দেবে।
ওদিকে, ব্রাসেলসে থাকবে শান্ত, ভাবগম্ভীর পরিবেশ। ইইউ এর সব প্রতিষ্ঠান (ইউরোপীয় পার্লামেন্ট, কমিশন এবং কাউন্সিল) থেকে সরানো হবে যুক্তরাজ্যের পতাকা। ইইউ এর জ্যোষ্ঠ রাজনীতিবিদরা ব্রেক্সিটের এই দিনটিকে ইউরোপের জন্য ‘দুঃখের দিন’ উল্লেখ করে বিবৃতি দেবেন।
বদল ঘটবে কি কি?
ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলেও আদতে তাৎক্ষণিক বদল ঘটবে খুব কমই। অন্তত ২০২০ সালের শেষ নাগাদ তেমন কোনো বদলই মানুষের দৃষ্টিগোচর হবে না। চুক্তির শর্ত মোতাবেক, আগামী ১১ মাস পর্যন্ত নামে না থাকলেও কার্যত ইইউ সদস্য রয়ে যাবে যুক্তরাজ্য।
ব্রেক্সিটের পরমুহূর্ত থেকেই যুক্তরাজ্যকে ইইউ এর সব আইন এবং ইউরোপীয় আদালতকে মান্য করে চলতে হবে। আগামী মাসগুলোতে ইইউ বাজেটে অর্থও দিয়ে যেতে হবে যুক্তরাজ্যকে। ইইউ আইনের যে কোনো পরিবর্তনও দেশটিকে মেনে নিতে হবে।
তার মানে আপাতত বদল যেটুক ঘটবে সেটি মূলত প্রতীকী। যুক্তরাজ্য ইইউ প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিধিত্ব করা বন্ধ করবে। ইইউ নেতাদের সঙ্গে আর কোনো বৈঠকে যুক্তরাজ্য অংশ নেবে না। ফলে ইইউ নীতিতে যুক্তরাজ্যের আর কোনো ভূমিকা থাকবে না। তবে ইইউ এর নিয়মকানুনগুলো তাদেরকে মেনে চলতে হবে।
বদলাবে না কি কি?
যুক্তরাজ্য ইইউ ছাড়লেও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবেই চলবে। অর্থাৎ, কাস্টমার হিসাবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। ইউরোপে মানুষের যাতায়াতও স্বাভাবিকভাবেই চলবে, অন্তত রূপান্তরের সময়টিতে। আর ইইউ নাগরিকদেরও অবাধ যাতায়াত চলতে থাকবে।
এরপর কি ঘটবে?
প্রথম ধাপের শেষেই শুরু হবে দ্বীতিয় ধাপ। এ ধাপ প্রথম ধাপের চেয়ে আরো বেশি দুঃস্বপ্নের হয়ে দেখা দিতে পারে। ব্রেক্সিটের রূপান্তরকাল শেষ হতে পারে এ বছর ৩১ ডিসেম্বরে। তার মানে মাত্র ১১ মাসেই ইউরোপের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা ঠিক করে নিতে হবে যুক্তরাজ্যকে।
সম্পর্ক স্থির করা নিয়ে দুপক্ষ কোনো সমঝোতায় পৌঁছতে না পারলেই ফের দেখা দেবে জটিলতা। কঠোর ব্রেক্সিটের পট প্রস্তুত হতে পারে, যাতে করে উভয়পক্ষেরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। যার প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতেও। দুপক্ষই এমন পরিস্থিতি এড়াতে চায়।
দুপক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে ৩ মার্চে। তার আগ পর্যন্ত দুপক্ষই তাদের অগ্রাধিকারের বিষয়গুলো এবং শেষ সীমা (রেডলাইন) ঠিক করে নেবে।
আলোচনা চলবে যে বিষয়গুলো নিয়ে:
যুক্তরাজ্য এবং ইইউ এর মধ্যে ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা, আইনের প্রয়োগ, সহযোগিতা, ব্যাংকিং, তথ্য উপাত্ত ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান, আ ইরিশ ব্যাকস্টপসহ আরো অনেক আলোচ্য বিষয় থাকলেও সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে বাণিজ্য।
যুক্তরাজ্য-ইইউ ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক কেমন হবে সেটি নিয়েই চলবে মূল আলোচনা। বাণিজ্য চুক্তি সাধারণত খুব সহজে হয় না। বছরের পর বছর সময় লেগে যায় বাণিজ্য চুক্তি করতে। ইইউ এর সঙ্গে কানাডার একটি বাণিজ্য চুক্তি করতে লেগে গিয়েছিল ৭ বছর। আর ইইউ এর অভ্যন্তরীন রাজনীতির কারণে এ জোটের সঙ্গে বাণিজ্য চুক্তি করা বিশেষভাবে কঠিন।
বাণিজ্য চুক্তি করতেই বেশি সময় লেগে গেলে সীমিত সময়ের মধ্যে অন্যান্য বিষয়গুলোতে কীভাবে সমঝোতায় পৌঁছা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসন এখনো কোনো সময়সীমা জানাননি।
তবে তিনি রূপান্তরকাল বাড়াতে চান না বলে জানিয়েছেন। আলোচনার জন্য তার সামনে আছে ১১ মাস। এর মধ্যে কাঙ্খিত ফল না এলে সবশেষে অপেক্ষা করে আছে আবারো কোনো চুক্তি না হওয়ার সেই হুমকি। অর্থাৎ, চুক্তিহীন ব্রেক্সিটের শঙ্কা আবার ফিরে আসবে।
যুক্তরাজ্য এবং ইইউ যদি কোনো পরিকল্পনা ছাড়াই ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করে তাহলে বিপর্যয়কর অবস্থা সৃষ্টি হতে পারে। কারণ, রূপান্তরকালটা পেরিয়ে গেলেই যুক্তরাজ্য যে বাণিজ্য এবং বিধিব্যবস্থা মেনে চলছিল তার অবসান ঘটবে। দুপক্ষই তখন বিশ্ব বাণিজ্য সংগঠনের বিধি অনুযায়ী বাণিজ্য করবে। যার আওতায় দুপক্ষের মধ্যে কোনো অবাধ বাণিজ্য চুক্তি থাকবে না। তার বদলে থাকবে শুল্ক এবং কোটা ব্যবস্থা। এতে সংকট সৃষ্টি হতে পারে। খাবার এবং ওষুধের মতো কিছু পণ্যে স্বল্পতা দেখা দিতে পারে।
একারণেই রূপান্তরের জন্য বেশি সময় না লাগানোর জনসনের সিদ্ধান্তকে ‘বেপরোয়া এবং দায়িত্বহীন’ আখ্যা দিচ্ছেন তার সমালোচকরা। তবে জনসন জোর দিয়েই বলছেন,তিনি দ্রুতই ইইউ এবং বাদবাকী সবার সঙ্গে চুক্তি করতে পারবেন।
সুতরাং দেখা যাচ্ছে, ৩১ জানুয়ারির পরও ব্রেক্সিট নিয়ে জটিলতা সহসাই কাটার আভাস নেই। এখন পরিস্থিতি কোনদিকে মোড় নেয় সেটিই দেখার বিষয়।
