২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ১০

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোকে আঘাত হানা টাইফুন কাম্মুরিতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থাগুলো নিশ্চিত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2019, 02:46 PM

Updated : 08 Apr 2022, 05:08 PM

আগে থেকে নেওয়া সতর্কতা ও দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষকে সরিয়ে নেওয়ায় এবার প্রাণহানি তুলনামূলকভাবে কম হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে চলতি বছর আঘাত হানা ২০তম এ টাইফুন সোমবার রাতে স্থলে আছড়ে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পাশাপাশি কয়েকশ ফ্লাইটও বাতিল ঘোষণা করে।

টাইফুন কাম্মুরি ফিলিপিন্সে চলা সাউথইস্ট এশিয়ান গেমসের আয়োজনেও বিঘ্ন ঘটিয়েছে। দেশটিতে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে।  

বুধবার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ টাইফুনে বিকোল অঞ্চলে পাঁচ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। ম্যানিলার দক্ষিণাঞ্চলে কাম্মুরি আরও পাঁচ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

প্রায় তিন লাখ ৪৫ হাজার মানুষ এখনো আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন; বাড়ি ফিরতে তারা কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছেন বলে সম্প্রচারমাধ্যম এএনসিকে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মার্ক টিম্বাল।

“বড় বড় ঝড়ের মতো এ ঝড়ও গাছ উপড়ে ফেলেছে, ঘরবাড়ি ও কিছু সরকারি স্থাপনার ছাদ লণ্ডভণ্ড করে দিয়েছে,” বলেছেন তিনি। দুর্যোগ ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে জনসাধারণকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া ও আগে থেকে নেওয়া সতর্কতায় ব্যাপক প্রাণহানি এড়ানো গেছে বলে ধারণা কর্মকর্তাদের।

দুর্বল হয়ে পড়া টাইফুন কাম্মুরির বাতাসের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারে নেমে এসেছে। দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হওয়া এ ঝড়টি বুধবার রাত নাগাদ ফিলিপিন্স ত্যাগ করবে বলে পূর্বাভাসে বলেছে দেশটির আবহাওয়া বিভাগ।

৭ হাজারেরও বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত ফিলিপিন্সে প্রতিবছর গড়ে ২০টি টাইফুন আঘাত হানে।