২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার পেট্রোল বোমা পাওয়ার দাবি হংকং পুলিশের

হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দিন ধরে তল্লাশি চালিয়ে প্রায় চার হাজার পেট্রোল বোমা পাওয়ার দাবি করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2019, 08:29 PM

Updated : 08 Apr 2022, 05:07 PM

হংকংয়ে চলমান বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা কোনোভাবে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পর পুলিশ ভেতরে ঢুকে ৩,৯৮৯ পেট্রোল বোমা, ১৩৩৯ বিস্ফোরক দ্রব্য, ৬০১ বোতল এসিড এবং ৫৭৩ টি অস্ত্র পেয়েছে।

বিবিসি জানায়, ক্যাম্পাসটি এখন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিক্ষোভকারীরা দুই সপ্তাহ আগে ব্যারিকেড দিয়ে এ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিল। পুলিশও বাইরে থেকে ক্যাম্পাস ঘিরে ফেলে শিক্ষার্থীদের বাইরে বেরোনোর পথ বন্ধ করে দেওয়ায় এক পর্যায়ে ভেতরে আটকা পড়েছিল ১ হাজারের বেশি বিক্ষোভকারী।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরুদ্ধ থাকার সময় বিক্ষোভকারীরা ইট, পেট্রোল বোমা, এমনকী তীর ধনুক নিয়েও পুলিশকে হামলা করেছে। গত সপ্তাহে বেশিরভাগ বিক্ষোভকারীই হয় আত্মসপর্মণ করেছে নয়ত কোনোভাবে ক্যাম্পাস ছেড়ে চলে গেছে।

শুক্রবার পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করায় ১ হাজার ৩৭৭ জনকে আটক করা হয়েছে। ক্যাম্পাস ছেড়ে পালানোর সময় আটক হয়েছে ৮১০ জন আর আশেপাশের এলাকা থেকে আটক হয়েছে ৫৬৭ জন। এছাড়া, ১৮ বছরের নিচে ৩১৮ জনের নাম রেকর্ড করা হয়েছে।