ইরানে খামেনির ঘনিষ্ঠজনদের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সবচেয়ে কাছের ৯ কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এর মধ্যে রয়েছেন খামেনির চিফ অব স্টাফসহ তার এক ছেলে এবং বিচারবিভাগের প্রধানও। সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।
তেহরানে মার্কিন দূতাবাস দখলের ৪০তম বার্ষিকীর দিন এ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফকেও কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আজ আমরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির চারপাশে থাকা অনির্বাচিত কয়েকজন কর্মকর্তা যারা তার অস্থিতিশীলতা ডেকে আনার নীতি বাস্তবায়ন করছেন তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি।”
এ নিষেধাজ্ঞার আওতায় খামেনির ঘনিষ্ঠ ওই কর্মকর্তারা আরো বাধানিষেধের মুখে পড়বেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনও সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। কোনও মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে লেনদেন করতে পারবে না।
