ককপিটে যাত্রীর ছবি ভাইরাল, চাকরি খোয়ালেন চীনা পাইলট
বিমানের ককপিটে বসে থাকা এক নারী যাত্রীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চীনা একটি এয়ারলাইন্স তাদের এক পাইলটের বিমানচালনায় আজীবনের নিষেধাজ্ঞা দিয়েছে।
জানুয়ারিতে গুইলিন শহর থেকে ইয়াংঝুগামী এয়ার গুইলিনের একটি ফ্লাইটের ককপিটে ওই নারী যাত্রী ছবিটি তুলেছিলেন বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
চলতি সপ্তাহে ওই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে ভাইরাল হলে এয়ার গুইলিন বিমানটির চালক ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
“ক্যাপ্টেনকে ধন্যবাদ, খুব খুশি,” ককপিটে হালকা নাশতাসহ বসে থাকা ওই নারী তার ছবির ক্যাপশনে এমনটাই লিখেছিলেন। ছবিতে নারীটিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে বাম হাতের দুই আঙ্গুলে ‘ভি চিহ্ন’ বানাতেও দেখা গেছে।
ছবিটি কখন তোলা হয়েছে সে সম্বন্ধে কোনো তথ্য না মিললেও চীনা বেশ কজন পাইলট ও বিশ্লেষক ককপিটের ছবিটি মাঝ আকাশেই তোলা হয়েছিল বলে ধারণা করছেন।
ককপিটে যাত্রীকে ঢুকতে ও ছবি তুলতে দিয়ে পাইলট বিমান নিরাপত্তা বিধিমালার লংঘন করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে এয়ার গুইলিন। শাস্তি পাওয়া পাইলটের নাম জানা যায়নি।
ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট অন্য কয়েক কর্মকর্তাকেও ‘অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত’ করা হয়েছে বলে জানিয়েছে চীনা এই ক্যারিয়ারটি। এ নিয়ে বিস্তৃত তদন্তেরও ঘোষণা দিয়েছে তারা।
“যাত্রীদের নিরাপত্তাই এয়ার গুইলিনের সর্বোচ্চ অগ্রাধিকার। উড়োজাহাজের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে এমন অসঙ্গত ও অপেশাদারি আচরণের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স,” বলেছে তারা।
