২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লরিতে মৃত্যু: স্বজন হারানোর শঙ্কা ভিয়েতনামে

লন্ডনের এসেক্সে যে লরির মধ্য থেকে যে ৩৯ জনের লাশ উদ্ধার হয়েছে তাতে প্রিয়জনের লাশ মেলে কিনা সে শঙ্কায় উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছে ভিয়েতনামের কয়েকটি পরিবার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 08:22 PM

Updated : 10 Oct 2022, 09:32 PM

গত বুধবার দেহগুলো উদ্ধার পাওয়ার পরই ওই পরিবারগুলো তাদের নিখোঁজ হয়ে যাওয়া স্বজনদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মধ্যে রয়েছে ফাম থি ত্রা মাই এবং আরো দুজন নগুয়েন দিন লুয়ং ও নগুয়েন দিন তু।

তিনজনের মধ্যে ফাম থি ত্রা মাই গত মঙ্গলবার তার পরিবারকে ফোনে শেষ একটি বার্তাও পাঠিয়েছিলেন।

২৬ বছর বয়সী এ ভিয়েতনামী নারী তার বাবা-মার কাছে পাঠানো বার্তায়  শ্বাস নিতে না পারার কথা জানিয়ে লিখেছিলেন, “আমি মরে যাচ্ছি। কারণ, আমি শ্বাস নিতে পারছি না। মা—আমি দুঃখিত। যেভাবে আমি বিদেশে আসতে চেয়েছিলাম, তা আর সফল হচ্ছে না। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি।

আরেক ভিয়েতনামী বুই থি নুং (১৯) এর স্বজনরাও নিহতদের মধ্যে তার লাশ থাকতে পারে বলে আশঙ্কা করছে। ২১ বছর বয়সী ত্রান থি থো এর বন্ধুরও আশঙ্কা নিহতদের মধ্যে থো এর লাশ থাকতে পারে।

বিবিসি জানায়, যুক্তরাজ্যে ভিয়েতনামী ওয়েবসাইট ভিয়েতহোমের এক প্রতিনিধি বলেছেন, নিখোঁজ হওয়া প্রায় ২০ জনের ছবি গোয়েন্দাদের কাছে পাঠানো হয়েছে।

লরি থেকে লাশগুলো উদ্ধারের পর পুলিশ ধারণা প্রকাশ করে বলেছিল, নিহতরা চীনের নাগরিক। তবে পরে নিহতদের অনেকেই ভিয়েতনামের নাগরিক বলে খবর পাওয়া যায়।

ভিয়েতনামের পুলিশ স্বজন হারানো পরিবারগুলোর সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা নিয়ে নিহতদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। লরির লাশগুলোর মধ্যে ভিয়েতনামের কোনো নাগরিক থাকার কথা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি দেশটির সরকার।

এ মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত মোট ৫ জন গ্রেপ্তার হয়েছে। তবে গ্রেপ্তার হওয়াদের তিনজন এরই মধ্যে জামিনে মুক্তি পেয়েছে বলে জানিয়েছে বিবিসি। এদের একজন নারী এবং দুইজন পুরুষ। মানবপাচারকারী ও নরঘাতক সন্দেহে গত শুক্রবার স্ট্যানটেড বিমানবন্দর এবং ওয়ারিংটন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল।

ওদিকে, লরি চালক মরিস রবিনসনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ আনার পর সোমবারেই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। হত্যার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে মানব পাচার, অভিবাসন ও অর্থ পাচার সংক্রান্ত অপরাধের অভিযোগও আনা হয়েছে।