কাতালুনিয়ার সঙ্গে ‘একযোগে স্বাধীনতার লড়াইয়ের’ ডাক হংকংয়ে
স্পেনের কাতালুনিয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্যানারে ব্যানারে ‘একযোগে স্বাধীনতার জন্য লড়াই’য়ের ডাক দিয়ে হংকংয়ে বিক্ষোভ করেছে শত শত বিক্ষোভকারী।
বৃহস্পতিবার হংকংয়ের গণতন্ত্রপন্থি ওই বিক্ষোভকারীরা স্পেন থেকে কাতালুনিয়ার বিচ্ছিন্নতাবাদের সমর্থনে সমাবেশ করে কাতালান পতাকাও উড়িয়েছে।
অধিকাংশ ব্যানারেই বিক্ষোভকারীরা কাতালানের স্বাধীনতার ডাক দিয়েছে কিংবা হংকংয়ে গত ৫ মাসের বিক্ষোভ-সংঘর্ষে পুলিশের নিষ্ঠুরতার নিন্দা জানিয়েছে। আবার বড় কয়েকটি পতাকা উড়িয়ে হংকংয়ের স্বাধীনতার ডাকও দিয়েছে বিক্ষোভকারীরা।
হংকংয়ের গণতন্ত্রপন্থি বিক্ষোভে চীনের নিয়ন্ত্রণের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করেছে লাখ লাখ বিক্ষোভকারী। বেশিরভাগ বিক্ষোভকারীই অন্য অনেক দাবির মধ্যে বৃহত্তর গণতন্ত্রের দাবি জানিয়েছে।
এদিক থেকে কাতালুনিয়ায় বিচ্ছিনতাবাদীদের বিক্ষোভের সঙ্গে হংকংয়ের বিক্ষোভের কিছু কিছু বিষয়ে মিল আছে। সম্প্রতি স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে চাওয়া রাজনৈতিক নেতাদের কারাদণ্ডের প্রতিবাদে বার্সেলোনাজুড়ে বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতা হয়েছে।
২০১৭ সালে উত্তরপূর্বাঞ্চলীয় কাতালুনিয়ার বিচ্ছিন্ন হওয়ার উদ্যোগ পুরো স্পেনকে কাঁপিয়ে দিয়েছিল। এমাসে দেশটির সুপ্রিম কোর্ট ওই আন্দোলন, গণভোট এবং তাৎপরবর্তী স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ৯ রাজনীতিবিদ ও নেতাকে সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দিলে বিক্ষুব্ধরা ফের রাস্তায় নামে।
ওদিকে, হংকংয়ে মূল ভূখন্ড চীনের নিয়ন্ত্রণ দেখতে দেখতে ক্ষুব্ধ অধিবাসীরাও এবার কাতালুনিয়ার সমর্থনে রাস্তায় নেমেছে। এক বিক্ষোভকারীর উক্তি, “আমি এসেছি কারণ আমার মনে হয় হংকংয়ের মতো কাতালুনিয়ারও সমর্থন প্রয়োজন। গণতন্ত্র অণ্বেষন করাটা সর্বজনীন এক মূল্যবোধের ব্যাপার।”
অন্যদিকে, বার্সেলোনা থেকে আসা এক পর্যটকও হংকংয়ের বিক্ষোভকারীদের বিক্ষোভকে সমর্থন দিয়েছেন। রয়টার্স বার্তা সংস্থাকে তিনি বলেন, “ কাতালুনিয়া এবং হংকং এর পেক্ষাপট ভিন্ন। দুটো আলাদা কাহিনী। কিন্তু সাধারণভাবে দেখতে গেলে... বলা যায় বিষয়টি হচ্ছে একটি নিপীড়ক এবং কর্তৃত্বমূলক রাষ্ট্র নিয়ে। যে রাষ্ট্র ভিন্নভাবে কিছু করতে চাওয়া একদল মানুষের বিপক্ষে রয়েছে এবং মানুষের দাবিকে গ্রাহ্য করছে না।”
