২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকায় ‘বিদেশি বিরোধী দাঙ্গা’, প্রেসিডেন্টের নিন্দা

তার দেশে কয়েক দিন ধরে চলা বিদেশি নাগরিকদের সম্পদ লুট ও তাদের ওপর সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 02:35 PM

Updated : 08 Apr 2022, 04:40 PM

কোনো দক্ষিণ আফ্রিকানেরই অন্য দেশের নাগরিকদের ওপর হামলা চালানোর অধিকার নেই বলে মন্তব্য করেছেন তিনি, জানিয়েছে বিবিসি। 

লুটপাট ও সহিংসতার এসব ঘটনায় সোমবার জোহানেসবার্গ থেকে কয়েক ডজন ব্যক্তিকে আটক করা হয়েছে। দেশটিতে চলমান অরাজকতায় এ পর্যন্ত অন্তত পাঁচ জন নিহত হয়েছেন ।

আফ্রিকার মহাদেশের অন্যান্য দেশের সরকারগুলোও সহিংসতা বিষয়ে তাদের নাগরিকদের সতর্ক করেছে।

“বিদেশি নাগরিকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এমন একটা বিষয়, যা একেবারেই অগ্রহণযোগ্য; এটা এমন একটা কিছু, যা আমরা দক্ষিণ আফ্রিকায় হতে দিতে পারি না। শিগগিরই এটা বন্ধ করতে চাই আমি,” মঙ্গলবার টুইটারে দেওয়া ভিডিওবার্তায় রামাফোসা এমনটাই বলেছেন।

আফ্রিকান ইউনিয়ন (এইউ) এক বিবৃতিতে এ সহিংসতাকে ‘ঘৃণ্য কাজ’ অ্যাখ্যা দিয়ে এর কঠোর নিন্দা জানিয়েছে।

সোমবার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছুড়েতে হয়েছে। বেশ কয়েকটি এলাকায় উচ্ছৃঙ্খল জনতাকে বিদেশি নাগরিকদের চালিত লরি লক্ষ্য করে হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও দোকান লুটপাট করতে দেখা গেছে।

মঙ্গলবার জোহানেসবার্গের আলেক্সান্দ্রা টাউনশিপেও সহিংসতা অব্যাহত ছিল। এখানকার ক্রুদ্ধ বাসিন্দাদের অনেকেই সরকারের কাছে কাগজপত্রহীন অভিবাসীদের দেশে ফেরত পাঠিয়ে দেয়ার দাবি জানাচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদক জানিয়েছেন।

“এটা মোটেও অপরাধমূলক হামলা নয়। এটা বিদেশিদের ওপর বিদ্বেষ থেকে হামলা,” বলেছেন নাইজেরিয়ার এক ব্যবসায়ী; লুটপাটকারীরা তার দোকানেও হামলা চালিয়েছিল।

দক্ষিণ আফ্রিকায় বিদেশিরা ‘অসংখ্য মিথ্যা অভিযোগের শিকার’ বলে অভিযোগ করেছেন তিনি।

লুটপাটের মধ্যে লাগোস এলাকার দক্ষিণ আফ্রিকান সুপারমার্কেট ‘শপরাইট’ এর একটি শাখাও জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যে বিপণি বিতানে সুপার মার্কেটটির অবস্থান তার সামনে রাস্তায় দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

আশপাশের সড়কে থাকা অসংখ্য গাড়ি ভাংচুর করা হয়েছে, যাত্রীরা প্রাণভয়ে পালিয়েছে। কর্তৃপক্ষ এখনও ওই এলাকার হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করতে পারেনি।

সহিংসতার এসব ঘটনায় অসন্তুষ্টির কথা জানাতে দক্ষিণ আফ্রিকায় একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

দক্ষিণ আফ্রিকায় দেশটির দূতাবাস এসব ঘটনাকে ‘নৈরাজ্য’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে।

নাইজেরিয়ার সরকার জোহানেসবার্গে তাদের নাগরিকদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো হামলার শিকার হয়েছে অভিযোগ করে ঘটনার বিস্তারিত তথ্য দিতে নাইজেরিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছে।

চলমান অস্থিরতায় দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়া দূতাবাস নাগরিকদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র-সংশ্লিষ্ট গণমাধ্যম ফানা ব্রডকাস্টিং কর্পোরেট। যে কোনো সংঘাত ও সহিংসতা এড়িয়ে চলতে এবং দামি গহনা পরে বাইরে বের না হতে ইথিওপীয়দের পরামর্শ দিয়েছে তারা।

লরিচালকদের ‘নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়ার আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় যাত্রা এড়িয়ে’ চলতে বলেছে জাম্বিয়ার পরিবহন মন্ত্রণালয়।

চলমান এ অরাজকতায় যানবাহনে লুটপাটের ‘অসংখ্য ঘটনা’ ঘটেছে বলে দক্ষিণ আফ্রিকার নিউজ সাইট আইওএল জানিয়েছে।

দেশটির পুলিশমন্ত্রী ভেকি সেলে বলেছেন, বিদেশিদের বিরুদ্ধে বিদ্বেষের তুলনায় এসব ঘটনায় অপরাধ প্রবৃত্তিকেই বেশি দায়ী করা যায়।

সোমবার জোহানেসবার্গের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিদেশিবিদ্বেষ অজুহাত হিসেবে ব্যবহৃত হয়। কোনোকিছুই দক্ষিণ আফ্রিকার নাগরিক ও বিদেশি নাগরিকদের মধ্যে কোনো ধরনের সংঘাতের স্ফুলিঙ্গ ছড়াতে পারে না।”