তালেবান-যুক্তরাষ্ট্র চুক্তি: প্রত্যাহার হতে পারে ৫,৪০০ মার্কিন সেনা
তালেবানের সঙ্গে একটি ‘নীতিগত’ চুক্তির আওতায় আগামী ২০ সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে পাঁচ হাজার ৪০০ সেনা প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র।
বিবিসি জানায়, দীর্ঘ প্রতিক্ষীত এ চুক্তি নিয়ে এই প্রথম এক টেলিভিশনে সাক্ষাৎকারে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন ওয়াশিংটনের শীর্ষ মধ্যস্থতাকারী জালমে খলিলজাদ।
তবে তিনি বলেন, চুক্তিটি এখনো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে।
ওদিকে, খলিলজাদের এ সাক্ষাৎকার প্রচরের পরপরই আফগানিস্তানের রাজধানী কাবুলে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের বিদেশি কর্মকর্তাদের বসবাসের জন্য ব্যবহৃত একটি হাউজিং কমপ্লেক্সে তালেবানের গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়। আহত হয় শতাধিক মানুষ।
কাবুলের দারুণ সুরক্ষিত ‘গ্রিন জোনের’ খুব কাছেই ওই হাউজিং কমপ্লেক্সের অবস্থান। হামলার দায় স্বীকার করেছে তালেবান। তাদের হামলার লক্ষ্য ছিল বিদেশিরা।
এ হামলার কারণে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির পরও আফগানিস্তানে সহিংসতা এবং সাধারণ মানুষের প্রাণহানির অবসান ঘটবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘ যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার পথরেখা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে তালেবান নেতাদের সঙ্গে আলোচনা চলে আসছে। এক বছরের বেশি সময় আগে শুরু হওয়া এ আলোচনার মধ্যেই আফগানিস্তানে একে পর এক রক্তক্ষয়ী হামলা চলছে। যার সবচেয়ে বড় শিকার দেশটির সাধারণ মানুষ।
২০০১ সালের পর আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ এখনই সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসলেও আফগান সরকারের সঙ্গে তালেবান নেতারা আলোচনায় বসতে নারাজ।
এ বিষয়ে কাবুলের গবেষক এজাজ মালিকজাদা বিবিসি’কে বলেন, চুক্তি হলেও পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ।
“এখন পর্যন্ত তালেবানদের নিয়েই সব আলোচনা হচ্ছে। আমরা দোহায় তাদের কথা শুনছি, ফেইসবুকে তাদের কথা শুনছি, সংবাদমাধ্যমে তাদের কথা শুনছি। তাদের কোনো পরিবর্তন হয়নি, তারা বোমাবাজি অব্যাহত রেখেছে।”
কাতারে তালেবানের সঙ্গে নয় দফা আলোচনা হয়েছে বলে সোমবার টোলো নিউজে প্রচারিত সাক্ষাৎকারে জানান খলিলজাদ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করে নেওয়ার বিনিময়ে তালেবান নেতারা দেশটিকে জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
“যদি চুক্তির সব শর্ত পালন করা হয় তবে এখন আফগানিস্তানের যে পাঁচটি ঘাঁটিতে মার্কিন সেনারা আছে তাদের আগামী ১৩৫ দিনের মধ্যে প্রত্যাহার করে নিতে আমরা রাজি হয়েছি।”
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ হাজার সেনা আফগানিস্তানে রয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের যে রূপরেখা খলিলজাদ সাক্ষাৎকারে বলেছেন তা সঠিক বলে বিবিসি’কে এক টেক্সট ম্যাসেজে নিশ্চিত করেছেন তালেবান মুখপাত্র।
চুক্তিটি বিস্তারিত পড়ে এবং পর্যালোচনা করে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি নিজের মত জানাবেন বলে জানান তার মুখপাত্র। তিনি বলেন, “এখনো তালেবান শান্তির প্রতিশ্রুতিতে কতটা অটল আছে আগে তার প্রমাণ সরকারের চাই।”
অন্যদিকে, দেশটির অনেক সাধারণ মানুষের আশঙ্কা যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তির পর তাদের কষ্টার্জিত অধিকার ও স্বাধীনতা আবারো হ্রাস পাবে।
১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ২০০১ সাল পর্যন্ত তালেবান সরকার আফগানিস্তানে কঠোর শরিয়া আইন জারি করে এবং নারীদের সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করে।
