২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারের ভিতরে ‘রবার্ট কেনেডির হত্যাকারীকে’ ছুরিকাঘাত

রবার্ট এফ কেনেডির গুপ্তহত্যাকারী হিসেবে দোষী সাব্যস্ত সিরহান সিরহানকে ক্যালিফোর্নিয়ার একটি কাগারের ভেতরে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2019, 11:07 PM

Updated : 08 Apr 2022, 04:39 PM

শুক্রবার বিকালে সান ডিয়াগোর নিকটবর্তী একটি কারাগারে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগ জানিয়েছে, হামলার সময় ‘কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করেছেন’।

এ ঘটনায় আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে আহতের নাম উল্লেখ করা হয়নি।

অনামা আইন প্রয়োগকারী কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে আহতকে ৭৫ বছর বয়সী সিরহান বলে শনাক্ত করা হয়েছে।

সিরহান রিচার্ড জে ডোনোভান সংশোধন কেন্দ্রে আজীবন সাজা খাটছেন। এখানেই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে। সন্দেহভাজন হামলাকারীও এখানকার একজন কয়েদি।

হামলার পর সন্দেহভাজনকে নিঃসঙ্গ একটি সেলে রাখা হয়েছে বলে প্রথম এই হামলার প্রতিবেদন করা টিএমজেড ডটকম জানিয়েছে।

কর্মকর্তারা হামলার উদ্দেশ্য প্রকাশ করেননি। তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। 

১৯৬৮ সালের ৫ জুন ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে জয়ের কিছুক্ষণ পর গুলিবিদ্ধ হন রবার্ট এফ কেনেডি। সিরহান লস অ্যাঞ্জেলসের অ্যাম্বাসেডর হোটেলে তাকে লক্ষ্য করে তিনটি গুলি করেন। 

এর কিছুক্ষণ আগে জনতার বিপুল হর্ষধ্বনির মধ্যে ডেমোক্রেট দলের প্রাইমারির বিজয়ী হিসেবে কেনেডির নাম ঘোষণা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই, নিউ ইয়র্কের সিনেটর রবার্ট ২৪ ঘণ্টা পর হাসপাতালে মারা যান।   

এর আগে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ১৯৬৩ সালে জন কেনেডিও গুপ্তহত্যার শিকার হয়েছিলেন। 

বিচারের রায়ে ১৯৬৯ সালে সিরহানের মৃত্যুদণ্ড হয়। কিন্তু তিন বছর পর ক্যালিফোর্নিয়া সংক্ষিপ্ত সময়ের জন্য মৃত্যুদণ্ড রদ করলে সিরহানের দণ্ড হ্রাস করে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। 

১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধে বরার্ট কেনেডি ইসরায়েলকে সমর্থন দেওয়ায় ‘প্রতারিত হয়েছেন’ এমন অনুভব করেছিলেন বলে জানিয়েছেন জাতিগতভাবে ফিলিস্তিনি কিন্তু জর্ডানের নাগরিক সিরহান।