২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নজরদারীর গোপনীয়তা ফাঁস করেছেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমন একটি ছবি প্রকাশ করেছেন তাতে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচীর ওপর গোয়েন্দাগিরি করতে যুক্তরাষ্ট্র দেশটির আকাশসীমা লঙ্ঘন করছে, এ ধারণা নিশ্চিত হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2019, 09:09 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

শুক্রবার টুইটারে পোস্ট করা ওপর থেকে নেওয়া ওই ছবিতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনার বিস্তারিত চিত্র প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। 

যে অ্যাঙ্গেল থেকে ছবিটি নেওয়া হয়েছে তা পরীক্ষা করে ও এর খুব হাই রেজুলেশনের বিষয়টি যাচাই করে কিছু ছবি বিশেষজ্ঞ জানিয়েছেন, ছবিটি সম্ভবত একটি ড্রোনের মাধ্যমে নেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার মিডলবুরি ইনিস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের আর্মস কন্ট্রোল বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেছেন, “এটি দেখে মনে হচ্ছে বাতাসে ভাসমান কোনো প্লাটফর্ম থেকে ছবিটি নেওয়া হয়েছে, কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া হয়নি।”

অন্য বেশ কয়েকজন বিশেষজ্ঞও একই মত প্রকাশ করেছেন বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। 

যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ও অন্যান্য স্থাপনার ছবি সংগ্রহ করছে এটা ইরানের জন্য কোনো বিস্ময় হয়ে আসেনি, কিন্তু এতে যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমা লঙ্ঘন করছে এই অভিযোগ জোরদার হয়ে পারস্য উপসাগরে বিদ্যমান উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে মন্তব্য করেছে ওয়াশিংটন পোস্ট।

জুনে হরমুজ প্রণালীর উপরে ইরান যুক্তরাষ্ট্রের একটি নজরদারী ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে ইরান।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একটি ভিডিও প্রকাশ করে এতে যুক্তরাষ্ট্রের ভূপাতিত সামরিক ড্রোনটির উদ্ধার করা অংশ প্রদর্শিত হয়েছে বলে দাবি করেছে। 

ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ড্রোনটি ভূপাতিত করায় ইরানে সামরিক হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু একেবারে শেষ মূহুর্তে নির্দেশটি তুলে নেন তিনি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুক্রবার ট্রাম্প যে ছবিটি টুইট করেছেন তা নিশ্চিতভাবেই অন্ত্যন্ত গোপনীয় ছিল। এতে বিভিন্ন জিনিস যেভাবে চিহ্নিত করা আছে তা গোয়েন্দা বিশ্লেষকরা যেমনটি করে থাকেন তার সঙ্গে মিল আছে। এতে ক্ষতিগ্রস্ত স্থাপনা ও এর নিকটবর্তী ক্ষতিগ্রস্ত যানবাহানগুলো চিহ্নিত করে সেগুলোর বিষয়ে নোট দেওয়া আছে এবং উৎক্ষেপণ মঞ্চের শুধু উত্তর পাশ ক্ষতিগ্রস্ত ও আগুনে পুড়ে গেছে বলে এক কোনে মন্তব্য দেওয়া আছে।  

টুইটে ট্রাম্প বলেছেন, “ইরানের সেমনান উৎক্ষেপণ মঞ্চ এক এ সাফির এসএলভির চূড়ান্ত উৎক্ষেপণ প্রস্তুতির সময় সর্বনাশা দুর্ঘটনা।”

সাফির একটি ইরানি রকেট। দেশটির কৃত্রিম উপগ্রহ কক্ষপথে নিয়ে যেতে এটি ব্যবহার করা হয়।

ট্রাম্প আরও বলেছেন, “এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়।”

তার এ মন্তব্যও বিভ্রান্তিকর। কারণ একদিন আগেই ইরান জানিয়েছিল, ওই স্থাপনায় একটি রকেট বিস্ফোরিত হয়েছে। ‘কারিগরি কারণে এটি ঘটেছে’ বলে পরিষ্কারভাবে জানিয়েছে ইরান।

বিদ্রুপাত্মক সুরে ট্রাম্প বলেছেন, “সাইট ওয়ানে কী ঘটেছে তা নির্ণয়ে ইরানের জন্য সৌভাগ্য ও শুভকামনা করছি আমি।”

ক্ষেপণাস্ত্র কর্মসূচীর জন্য ইরান যে উপাদান ব্যবহার করে সেই সরবরাহ চেইনে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী ত্রুটিযুক্ত পার্টস ঢুকিয়ে অন্তর্ঘাতের নকশা আটা হয় বলে অভিযোগ আছে, নিউ ইয়র্ক টাইমস এ নিয়ে একটি প্রতিবেদন করেছিল।  

টুইটারে ট্রাম্প যে ছবিটি শেয়ার করেছেন তাতে একটি ক্যামেরা ফ্লাশ ও এক ব্যক্তির ছায়া দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে ট্রাম্প অথবা তার কোনো সহযোগী সেলফোন ব্যবহার করে আসল ছবিটির একটি কপি করেছেন। 

প্রায়ই যেমন হয়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রেসিডেন্টের কার্যসূচীতে একটি গোয়েন্দা ব্রিফিংয়ের সূচী ছিল। প্রেসিডেন্ট ওয়াশিংটনে থাকলে সাধারণত এই ব্রিফিং তার ওভাল দপ্তরেই হয়। ট্রাম্পের টুইটে সময় দেখাচ্ছে দুপুর ১টা ৪৪ মিনিট। 

এই টুইট ও ছবির বিষয়ে এবং এটি গোপনীয় ছিল কিনা, এটি কোনো আকাশযান বা ড্রোন থেকে তোলা কিনা, ছবিটি বিশেষ কোনো নিরাপদ রুম দেখানো হয়েছে কিনা যেখানে হাতে বহন করা যায় এমন ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ, এমন সব প্রশ্নের কোনো উত্তর দেয়নি হোয়াইট হাউস।

কেন ট্রাম্প এই ছবিটিই টুইট করলেন এবং কেন সরাসরি ইরানকে বার্তা দিলেন আর ছবিটি তিনি নিজে তুলেছিলেন কিনা, এমন প্রশ্নেরও উত্তর দেয়নি হোয়াইট হাউস।