হংকং: গণতন্ত্রপন্থি নেতা জশুয়া ওং গ্রেপ্তার
হংকংয়ের পুলিশ শহরটির গণতন্ত্রপন্থি নেতা জশুয়া ওংকে গ্রেপ্তার করেছে বলে তার দল দেমোসিসতো পার্টি জানিয়েছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রেলস্টেশনে যাওয়ার পথে পুলিশ তাকে জোর করে গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ করেছে তারা।
জশুয়ার পাশপাাশি পুলিশ গণতন্ত্রপন্থি নেতা অ্যাগনেস চো এবং স্বাধীনতাকামী হিসেবে পরিচিত অ্যান্ডি চেনকেও গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিবিসি।
শহরটিতে টানা তিন মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে এদের আটক করা হল।
২৩ বছর বয়সী জশুয়ার বিরুদ্ধে ‘অবৈধ সমাবেশ সংগঠিত’, ‘অবৈধ সমাবেশে অংশ’ এবং ‘অন্যদের অংশ নিতে উৎসাহ’ দেয়ার অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চো-র বিরুদ্ধে ‘অবৈধ সমাবেশে অংশ’ এবং ‘অন্যদের অংশ নিতে উৎসাহ’ দেয়ার অভিযোগ আনা হয়েছে।
বিবিসি বলছে, ২১ জুন পুলিশ সদরদপ্তরের বাইরে হওয়া বিক্ষোভ-সমাবেশকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়ে পুলিশ ওই সমাবেশের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগেই এ দুই গণতন্ত্রপন্থি নেতাকে আটক করা হয়েছে। সেদিনের বিক্ষোভে পুলিশ সদরদপ্তর ১৫ ঘণ্টার মতো অবরুদ্ধ ছিল।
শনিবার বিক্ষোভকারীদের একটি পরিকল্পিত কর্মসূচির আগে এ দুইজনকে গ্রেপ্তার করা হল। জনসাধারণের নিরাপত্তার অজুহাতে পুলিশ ওই সমাবেশের অনুমতি দেয়নি।
স্বাধীনতাকামী হিসেবে পরিচিত অ্যান্ডি চেন জানান, বৃহস্পতিবার রাতে হংকং থেকে জাপানে যাওয়ার পথে বিমান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।
পরে তাকে এক পুলিশ কর্মকর্তার ওপর আক্রমণ ও দাঙ্গাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এইচকেএফপি।
বিচারের জন্য বাসিন্দাদের চীনের মূলভূখণ্ডে পাঠানোর সুযোগ রেখে আইন সংশোধনের একটি বিল নিয়ে জুনের শুরু থেকে হংকংয়ে তুমুল বিক্ষোভ শুরু হয়।
তীব্র আন্দোলনের মুখে শহরটির বেইজিংঘনিষ্ঠ সরকার বিতর্কিত ওই বিল থেকে পিছু হটে এলেও বিক্ষোভকারীরা শান্ত হয়নি। তারা এখন হংকংয়ে আরও গণতন্ত্র এবং বিক্ষোভে পুলিশি নির্যাতনের নিরপেক্ষ তদন্ত দাবি করে আসছে।
তিন মাস ধরে চলা বিক্ষোভ ও সহিংসতায় জড়িতসন্দেহে পুলিশ এরই মধ্যে প্রায় ৯০০ বিক্ষোভকারীকে আটকও করেছে।
