তালেবানের সঙ্গে চুক্তি হলেও আফগানিস্তানে মার্কিন সেনা রাখবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে ৮ হাজার ৬শ’ করা হচ্ছে। কিন্তু মার্কিন বাহিনী সেখানে থাকবেই। এমনকী ১৮ বছরের আফগান যুদ্ধ অবসানে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হলেও এ সামরিক উপস্থিতি রাখা হবে।
বৃহস্পতিবার ‘ফক্স নিউজ’ বেতারে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হ্যাঁ, সেখানে উপস্থিতি বজায় রাখতে হবে। সেখানে আমরা উপস্থিতি রাখব। আমরা সে উপস্থিতি অনেকটাই কমিয়ে ফেলছি। কিন্তু সেখানে সবসময়ই উপস্থিতি রাখা হবে।”
ট্রাম্প বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্যা ৮ হাজার ৬শ’ তে নামিয়ে আনা হচ্ছে। “এরপর সেখানে কি ঘটে তা দেখে আমরা মনস্থির করব।”
আফগানিস্তানে বর্তমানে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা সদস্য আছেন। তাদের মধ্যে প্রায় ৫ হাজার সেনা জঙ্গি-বিরোধী অভিযানে নিয়োজিত।
তালেবান গোষ্ঠী বুধবার বলেছে, তারা আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে।
এ চুক্তিতে তালেবান আফগানিস্তানকে অন্যান্য জঙ্গি গোষ্ঠীর আখড়া হতে দেবে না বলে প্রতিশ্রুতি দিলে এর বিনিময়ে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়েছে।
কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, “আমরা শিগগিরই আমাদের মুসলিমদের জন্য, স্বাধীনতাকামী জাতির জন্য সুখবর পাব।”
সম্প্রতি কয়েক সপ্তাহে তালেবান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় অগ্রগতির খবর এসেছে। এতে করে আফগানিস্তান যুদ্ধ অবসানের আশাও জেগে উঠেছে।
তবে বুধবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ড সাংবাদিকদের বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী বাহিনীর ভবিষ্যৎ নিয়ে কিছু বলার সময় এখনো আসেনি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের জয়েন্ট চীফস অব স্টাফ চেয়রম্যান বলেছেন, “আমি এখনই ‘প্রত্যাহার’ শব্দটি ব্যবহার করছি না।”
ওদিকে, জেনারেল ডানফোর্ড বলেন, “আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সহিংসতা মোকাবেলায় স্থানীয় আফগান নিরাপত্তা বাহিনীর যুকতরাষ্ট্রের সহায়তা দরকার। ভবিষ্যতে চুক্তি হলে, নিরাপত্তা পরিস্থিতি বদলালে তখন অবশ্যই আমাদেরকেও সেইমত ব্যবস্থা নিতে হবে।”
