পাক-কম্যান্ডো হামলার আশঙ্কা, গুজরাটের বন্দরে সর্বোচ্চ সতর্কতা
গুজরাটের কচ্ছ এলাকার জলপথ দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের প্রশিক্ষিত কম্যান্ডোরা। তারা পানির তলে হামলা চালাতে পারে। এমন গোয়েন্দা তথ্য পেয়ে গুজরাট রাজ্যের সব বন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কেন্দ্র সরকার।
উপকূলরক্ষী বাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ নিরাপত্তা সংস্থাগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কান্দলা, মুন্দ্রাসহ সব বন্দরেই জাহাজের ওপর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। অস্বাভাবিক কিছু নজরে এলেই পুলিশ বা উপকূলরক্ষী বাহিনীকে জানাতে বলা হয়েছে।
নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ বা (এসএসজি) কম্যান্ডো মোতায়েনের খবর আগেই দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। সেনা গোয়েন্দারা জানিয়েছিলেন, প্রায় ১শ’ এসএসজি কম্যান্ডোর গতিবিধি তাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছিল। তার মধ্যেই নতুন এ তথ্য জানালেন গোয়েন্দারা।
কর্মকর্তারা বলছেন, গুজরাটের বন্দর দিয়ে ভারতে ঢুকে পাক কম্যান্ডো বা জঙ্গিরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাতে পারে কিংবা হামলাও চালাতে পারে। এ আশঙ্কা থেকেই বন্দরে বন্দরে জারি করা হয়েছে কড়া সতর্কতা।
ঠিক কোন জায়গা দিয়ে কম্যান্ডোরা ঢুকতে পারে তাও নির্দিষ্ট করে জানা গেছে গোয়েন্দা তথ্যে। বলা হচ্ছে, স্যর ক্রিক খাড়ি বা নদীবহুল এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চলতে পারে।
গত ৫ অগাস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা বেড়েছে।
এ চরম উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক মিসাইল ‘গজনভি’ উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বুধবার গভীর রাতে একটি প্রশিক্ষণ শিবির থেকে এই ভূমি-থেকে-ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। ভারতের সঙ্গে বৈরি সম্পর্কের প্রেক্ষিতেই তারা এ মহড়া চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারতের সরকারি কর্মকর্তারা যে গোয়েন্দা তথ্য দিয়েছেন তাতে এরই মধ্যে পাক প্রশিক্ষিত কমান্ডোরা কচ্ছ উপসাগরের পশ্চিম উপকূলে ঢুকে পড়েছে বলে আভাস দেওয়া হয়েছে এবং কান্দলা বন্দর পরিচালনাকারী একটি ট্রাস্টের সেক্রেটারিও এমন গোয়েন্দা তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এমন খবরের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি কেবল বলেছেন, নিরাপত্তা বাহিনী এ ধরনের অনুপ্রবেশের যে কোনোরকম ঘটনা সামাল দিতে প্রস্তুত রয়েছে।
ওদিকে, পাকিস্তানের সেনাবাহিনীও এমন খবরের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এক পাকিস্তানি সেনা কর্মকর্তা এ খবর সত্য নয় বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “এমন কোনো তৎপরতা নেই। ভারত কাশ্মীরের দিক থেকে বিশ্বের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে।”
তবে সাগরপথে পাকিস্তানি জঙ্গিরা অনুপ্রবেশ করে ভারতে হামলা চালানোর নজির আছে। ২০০৮ সালে ১০ জঙ্গি একটি মাছ ধরার ট্রলারে করে পাকিস্তানের করাচি থেকে আরব সাগর পাড়ি দিয়ে একটি রাবার বোটে করে মুম্বাই উপকূলে পৌঁছেছিল। তাদের তিনদিন ব্যাপী হামলায় ১৬৬ জন নিহত হয়।
