২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৪

আফগানিস্তানের হেরাত প্রদেশে তালেবান জঙ্গিদের হামলায় সরকারপন্থি মিলিশিয়া বাহিনীর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 02:27 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

১৮ বছর ধরে চলা আফগান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি চুক্তি যখন দ্বারপ্রান্তে তখনই প্রাণঘাতী এ হামলাটি চালালো জঙ্গি গোষ্ঠীটির সদস্যরা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ওই মিলিশিয়া দলটির ১৪ সদস্য নিহত ও বেশ কয়েকজন বেসামরিক আহত হয়েছেন। 

হেরাত পুলিশের এক মুখপাত্র, আব্দুল আহাদ ওয়ারিজাদা জানিয়েছেন, রুবাত ই সাঙ্গি জেলার চাহারদারা এলাকায় বহু সংখ্যক তালেবান যোদ্ধা নিরাপত্তা চেকপয়েন্টগুলোতে হামলা চালালে দুপক্ষের মধ্যে লড়াই শুরু হয়, তখনই ওই ১৪ জন নিহত হন।

“সংঘর্ষে অন্য আরও অন্তত নয় জন আহত হয়েছেন। ওই এলাকায় আফগান নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত ফোর্স পাঠানোর পর তালেবান জঙ্গিরা পিঁছু হটে,” বলেছেন তিনি। 

ঘটনায় বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে তালেবান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে রয়টার্স জানিয়েছে।

আফগান যুদ্ধ শেষ করতে কয়েক মাস ধরে তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রতিনিধিরা। তারা একটি সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছেন বলে উভয়পক্ষ জানিয়েছে। চুক্তি অনুযায়ী মার্কিন বাহিনীর প্রত্যাহার শুরু হলে আফগানিস্তানে অন্য কোনো জঙ্গি গোষ্ঠীকে আস্তানা গাড়তে দিবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।