বসের ফোনে ‘যৌন হয়রানি’ প্রকাশ করায় নারীর দণ্ড
বসের যৌন হয়রানির প্রমাণ তুলে ধরতে তার সঙ্গে ফোনে কথোপকথন রেকর্ড এবং তা প্রকাশ করায় ইন্দোনেশিয়ার এক নারীকে ছয় মাস কারাভোগ করতে হবে।
তিন বিচারকের একটি প্যানেল গত বছর ওই নারীকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড এবং বড় অংকের (প্রায় ৩৫ হাজার ডলার) জরিমানা করে।
ওই রায়ের বিরুদ্ধে তার করা আবেদন বৃহস্পতিবার নাকচ করেছে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট।
আদালত বলেছে, বাইক নুরিল মাকনুন নামের ওই নারী ‘অশ্লীল’ বিষয় ছড়িয়ে দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার লোমবোক দ্বীপের শহর মাতারাকের একটি স্কুলের কর্মচারী নুরিল ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে যৌন হয়রানিমূলক ফোন পাওয়ার অভিযোগ করেন।
অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ফোনে তাদের কথোপকথনের একটি অডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
এর পর ২০১৫ সালে ওই নারীর বিরুদ্ধে মামলা করেন ওই প্রধান শিক্ষক। সেই মামলায় বিচারের শেষ ধাপে এসে যৌন নিপীড়নের শিকার নারীকেই শাস্তির মুখে পড়তে হল।
এ ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়েছেন ইন্দোনেশিয়ার অধিকার কর্মীরা।
