চীনা সার্চ ইঞ্জিন বাইডুর সিইওর মাথায় পানি ঢেলে গ্রেপ্তার
এক সম্মেলনে চীনা সার্চ ইঞ্জিন বাইডু-র প্রধান নির্বাহী রবিন লি-র মাথায় পানি ঢেলে দেওয়ার সঙ্গে জড়িত থাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চীনের কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ ওই ঘটনার তদন্ত করে এক ব্যক্তিকে শনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করেছে বলে বৃহস্পতিবার পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ জানিয়েছে, ‘ঝগড়ার চেষ্টা ও সমস্যা উস্কে দেওয়ার’ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে প্রশাসনিক হেফাজতে রাখা হয়েছে।
এই হেফাজতে তাকে পাঁচ দিন পর্যন্ত থাকতে হতে পারে। তিনি কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন তা পরিষ্কার হয়নি। এ ঘটনার পেছনে সার্চ সংক্রান্ত কোনো অসন্তোষ কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার বাইডুর বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধনী দিনের মূল বক্তৃতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) ক্ষেত্রে বাইডুর অগ্রগতি তুলে ধরছিলেন লি। এ সময় এক ব্যক্তি মঞ্চে উঠে তার মাথায় এক বোতল পানির পুরোটা ঢেলে দেন।
গণমাধ্যমে আসা এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, পানি ঢেলে দেওয়ার পর লি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, ‘আপনার সমস্যাটি কী?”
কিন্তু ওই ব্যক্তি কোনো কথা না বলে যেভাবে এসেছিলেন সেভাবেই ফিরে যান।
বাইডুর পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয় বলে বেইজিং পুলিশ জানিয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে বাইডু সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
বাইডু চীনের সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন এবং এটি গুগল ইনকর্পোরেটেড এর মতোই একটি প্রতিষ্ঠান।
