২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে পরমাণু চুক্তি মেনে চলার আহ্বান ইউরোপীয় পক্ষগুলোর

ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি মেনে চলার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 01:08 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

ইরান ওই চুক্তি লঙ্ঘন করছে এমন খবরে তারা ‘অত্যন্ত উদ্বিগ্ন’ বলে মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে মন্তব্য করেছে দেশগুলো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরান চলতি সপ্তাহে ঘোষণা করেছে, পারমাণবিক চুক্তিতে কম-সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের যে সীমা বেঁধে দেওয়া হয়েছে মজুদ তার চেয়েও বাড়াবে তারা।  

দেশটির এ ঘোষণার প্রতিক্রিয়ায় ‘ইরান আগুন নিয়ে খেলছে’ বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ইসরায়েল জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সংঘাত বাঁধলে তাতে তাদের যোগ দেওয়ার সম্ভাবনা আছে এবং এর জন্য প্রস্তুতি নিচ্ছে তারা।

ইরান বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ প্রতিনিধির সঙ্গে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের এই সিদ্ধান্তে আমরা খেদ প্রকাশ করছি, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের প্রধান একটি ধারাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। এই পদক্ষেপ থেকে সরে আসতে এবং চুক্তিকে খর্ব করে এমন কোনো কিছু করা থেকে বিরত থাকতে ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।” 

গত বছর ছয় জাতি ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর ইরানের ওপর থেকে তুলে নেওয়া পুরনো সব নিষেধাজ্ঞা ফের আরোপ করে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রিতে প্রতিবন্ধকতা তৈরি করেন। এসব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এই উত্তেজনার মধ্যেই ইরানের উপকূলে কয়েকটি তেলবাহী ট্যাঙ্কারে হওয়া হামলার জন্য দেশটিকে দায়ী করে যুক্তরাষ্ট্র, কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তেহরান।  

পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো দেশ দুটিকে শান্ত থাকায় অনুরোধ জানিয়ে তাদের মুখোমুখি অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।